বিদ্যালয়ে শিক্ষকেরা অনুপস্থিত বইয়ের জন্য শিশুদের মিছিল
জামালপুরের ইসলামপুরে বীর সাপধরী ফজিলা গাফফার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা এখনো নতুন বই পায়নি।
প্রধান শিক্ষক ও বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতির দ্বন্দ্বে নতুন বছরে নতুন বইয়ের আনন্দ থেকে বঞ্চিত হয়েছে তারা।
এ ছাড়া ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ তিন শিক্ষক প্রায় এক মাস ধরে কর্মক্ষেত্রে অনুপস্থিত। এ অবস্থায় শিক্ষক ও বইয়ের দাবিতে গত শনিবার দুপুরে বিদ্যালয়ের শিশুরা মিছিল করেছে। পুরো বিষয়টি তদন্তে উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তাকে প্রধান করে একটি কমিটি গঠন করা হয়েছে।
বিদ্যালয় সূত্রে জানা যায়, সাপধরী ইউনিয়নের কাশাড়িডোবা এলাকার আমতলী গ্রামে শিক্ষাপ্রতিষ্ঠানটি অবস্থিত। প্রধান শিক্ষকসহ চারজন শিক্ষক দিয়ে চলত এখানকার শিক্ষা কার্যক্রম। শিক্ষার্থীর সংখ্যা ২২১ জন। কিন্তু মাস খানেক ধরে প্রধান শিক্ষক লিয়াকত আলী, সহকারী শিক্ষক দেলোয়ারা বেগম ও সুমা ফেরদৌস বিদ্যালয়ে আসছেন না। তা ছাড়া ব্যবস্থাপনা কমিটির সভাপতি আজাহার মণ্ডলের সঙ্গেও বিরোধে জড়িয়ে পড়েছেন প্রধান শিক্ষক। এরই জের ধরে তিনি বগুড়ার সারিয়াকান্দি থানার বিশরশি চরের একটি ক্লাবঘরে বিদ্যালয় চালানোর চেষ্টা করছেন। তিনি ৩১ ডিসেম্বর গোপনে এ বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য সরকারের তরফ থেকে দেওয়া ২০০ সেট বই তুলে নেন। কিন্তু সেগুলো তিনি বিতরণ করেননি। ফলে সারা দেশের শিশুশিক্ষার্থীরা বছরের প্রথম দিনটিতে নতুন বই পেলেও এখানকার শিক্ষার্থীরা এখনো বঞ্চিত।
চতুর্থ শ্রেণির ছাত্র আমিনুল ইসলাম বলে, ‘বার্ষিক পরীক্ষা হওয়ার পর থেকে শিক্ষক আবুল কালাম ছাড়া আর কোনো শিক্ষকই বিদ্যালয়ে আসেন না। আশপাশের সব স্কুলে বই দেওয়া শেষ। কিন্তু আমরা পাইনি।’
প্রধান শিক্ষক লিয়াকত আলী বিদ্যালয়ে না যাওয়ার বিষয়টি স্বীকার করে বলেন, ‘চাহিদাপত্র অনুযায়ী ৩১ ডিসেম্বর উপজেলা শিক্ষা কার্যালয় থেকে ২০০ সেট পাঠ্যপুস্তক তুলে এনেছি। কিন্তু বিদ্যালয়ের জমিসংক্রান্ত জটিলতায় বইগুলো বিতরণ করা যায়নি। সারিয়াকান্দির বিশরশি চরের একটি ক্লাবঘরে চালু করা বিদ্যালয়ে ওই বইগুলো বিতরণ করা হয়েছে।’
সভাপতি আজাহার মণ্ডল বলেন, বিদ্যালয়টি দুর্গম এলাকায় হওয়ায় প্রধান শিক্ষকসহ ওই তিন শিক্ষক এমনিতেই অনিয়মিত ছিলেন। কিন্তু সমাপনী পরীক্ষার পর থেকে তাঁরা আর এক দিনও আসেননি। বিদ্যালয়ে আসার জন্য কমিটির পক্ষ থেকে তাঁদের একাধিকবার লিখিতভাবে তাগিদ দেওয়া হয়। তার পরও বিদ্যালয়ে না এসে প্রধান শিক্ষক গোপনে নতুন বছরের বই তুলে নেন। শুধু তা-ই নয়, তিনি নিজের বসতবাড়ির পার্শ্ববর্তী সারিয়াকান্দির বিশরশি চরের একটি ক্লাবঘরে এই বিদ্যালয়ের নামে সাইনবোর্ড লাগিয়েছেন।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জীবনারা বেগম বলেন, শিশুরা বই না পাওয়ার বিষয়টি শুনেছি। এ ঘটনায় উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মফিজুর রহমানকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠিত হয়েছে। কমিটি ইতিমধ্যে মৌখিকভাবে জানিয়েছে, ওই প্রধান শিক্ষক অন্যত্র ওই বিদ্যালয়ের নামে আরেকটি বিদ্যালয় খোলার চেষ্টা করছেন। প্রকৃত ঘটনা নিশ্চিত হওয়ার পর ওই প্রধান শিক্ষক দায়ী হলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবদুল আলিম বলেন, ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ব্যবস্থাপনা পর্ষদের সভাপতির দ্বন্দ্বে শিক্ষার্থীরা এখনো বই পায়নি। তবে শিগগিরই ওই সব শিক্ষার্থীরা নতুন বই পেয়ে যাবে। আর শিক্ষকেরা যদি বিদ্যালয়ে না গিয়ে বেতন-ভাতা তুলে থাকেন তাঁদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।