বিদ্যালয়ে শৌচাগার পর্যাপ্ত, উপযোগী না অর্ধেকও

দেশের বিদ্যালয়গুলোতে শৌচাগারের সংখ্যা যথেষ্ট বলা যায়। কিন্তু সেগুলো ঠিকমতো রক্ষণাবেক্ষণ করা হয় না। প্রায় অর্ধেক শৌচাগার বন্ধ থাকে। চালু থাকা শৌচাগারের বেশির ভাগই নোংরা থাকে, যা ব্যবহারের অনুপযোগী। থাকে না হাত ধোয়ার কোনো ব্যবস্থা।
‘স্কুল স্যানিটেশন: বাস্তবতা ও করণীয়’ শীর্ষক গোলটেবিলে বক্তারা এভাবেই সারা দেশের বিদ্যালয়গুলোর শৌচাগারের সমস্যা তুলে ধরেন। গোলটেবিল বৈঠকে আলোচনায় শিক্ষা নিয়ে কাজ করা সরকারের কর্মকর্তা ও বেসরকারি বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা অংশ নেন।
আজ শনিবার কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ে এ গোলটেবিল বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠকের আয়োজক প্রথম আলো। সহযোগিতায় ওয়াটার এইড বাংলাদেশ।
আলোচনায় স্কুল স্যানিটেশনের বিষয়ে ব্যাপক প্রচার শুরুর আহ্বান জানিয়ে প্রাথমিক ও গণশিক্ষা–বিষয়ক সাবেক উপদেষ্টা ও গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধূরী বলেন, এটা এমন একটি জাতীয় ইস্যু, যা বাস্তবায়নে ‘লো কস্ট ক্যাম্পেইন’ শুরু করা যেতে পারে। এ প্রসঙ্গে তিনি ইপিআই ও ওরস্যালাইন–বিষয়ক প্রচারে সফলতা পাওয়ার কথা উল্লেখ করেন।
স্কুল স্যানিটেশন বিষয়ে সুফল পেতে চাইলে বেসরকারি সংস্থা ও সংশ্লিষ্ট বেসরকারি খাতগুলোকে সম্পৃক্ত করার আহ্বান জানান রাশেদা কে চৌধূরী। তিনি বলেন, শিক্ষক, মুরব্বি বা পুরুষদের সামনে শৌচাগারে যাওয়া যাবে না, এ ধারণা এখনও আছে। শিক্ষকদের অনেকেই অষ্টম শ্রেণিতে বয়ঃসন্ধিকাল ও প্রজনন স্বাস্থ্যবিষয়ক পাঠ বাড়ি থেকে পড়ে আসতে বলেন। এই জড়তাও কাটিয়ে উঠতে হবে। শৌচাগার পরিচ্ছন্ন না থাকায় ছেলেদের চেয়ে মেয়েরা বেশি ঝামেলা পোহায়।
রাশেদা কে চৌধূরী আরও বলেন, মাসিকের সময় অনেক মেয়েই স্কুলে যায় না। ফলে তারা ৮০ শতাংশ উপস্থিতি নিশ্চিত করতে না পারায় উপবৃত্তি থেকে বঞ্চিত হয়।
শিক্ষাসচিব নজরুল ইসলাম খান বলেন, কোনো জরিপ বা গবেষণা না থাকলেও অভিজ্ঞতায় দেখা গেছে, বিদ্যালয়ের প্রধান শিক্ষক নারী হলে সেই বিদ্যালয়ের শৌচাগার পরিষ্কার থাকে। তিনি আরও বলেন, শৌচাগার পরিষ্কার রাখার জন্য শুধু টাকাই বড় সমস্যা নয়। কারণ এমনও নজির আছে, ১৯ কোটি টাকা তহবিলে থাকলেও সেই শিক্ষাপ্রতিষ্ঠানটির শৌচাগার নোংরা থাকে।
শিক্ষাপ্রতিষ্ঠানের শৌচাগারের জানালা ছোট থাকার বিষয়টি উল্লেখ করে শিক্ষাসচিব বলেন, এর ফলে আলো ঢুকতে পারে না। আবার বিদ্যুতের সংযোগ থাকলেও বাল্ব থাকে না।
নজরুল ইসলাম খান জানান, বিদ্যালয়ে ছাত্রীদের জন্য স্যানিটারি ন্যাপকিন রাখা ও অপসারণের ব্যবস্থা, প্রত্যেক বিদ্যালয়ে কিচেন রাখা, হাইজেনিক ল্যাট্রিন নিয়ে ব্যাপক প্রচার চালানো, নতুন বিদ্যালয় ভবনের ডিজাইনে পরিবর্তন আনা, বাথরুম পরিচ্ছন্ন রাখতে আলাদা তহবিল রাখা, স্টুডেন্ট কাউন্সিল জোরদার করাসহ বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে।
সরকারের অতিরিক্ত সচিব ও স্থানীয় সরকার বিভাগের পরিকল্পনা শাখার মহাপরিচালক জুয়েনা আজিজ বলেন, স্কুল স্যানিটেশন খাতে আলাদা বরাদ্দ রাখা যেতে পারে। তাহলে সংশ্লিষ্ট ব্যক্তিদের মধ্যে দায়িত্ববোধ তৈরি হবে।
স্কুল সানিটেশন নিয়ে সচেতনতামূলক বিভিন্ন কর্মসূচির কথা উল্লেখ করে তিনি বলেন, এখন দরকার নজরদারি বাড়ানো। আর তা করতে পারলে এবং যে-যার অবস্থান থেকে ভূমিকা রাখলে স্কুল স্যানিটেশনের মান কাঙ্ক্ষিত পর্যায়ে যেতে পারে।
ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব এডুকেশনাল ডেভেলপমেন্টের অধ্যাপক মঞ্জুর আহমেদ বলেন, ছাত্রীদের পিরিয়ডের সময়টি সংবেদনশীল ও স্পর্শকাতর। বিষয়টি নিয়ে কথা বলা বা সহযোগিতার জন্য বিদ্যালয়ের একজন শিক্ষিকাকে দায়িত্ব দেওয়া যেতে পারে। প্রয়োজনে ওই শিক্ষিকাকে প্রশিক্ষণ ও সম্মানী দেওয়ার প্রস্তাব করে তিনি বলেন, ‘সবার উচিত মেয়েদের আত্মবিশ্বাসী ও আত্মসম্মানবোধ নিয়ে বেড়ে উঠতে সহায়তা করা।’
সরকারের যুগ্ম সচিব এবং স্কিলস ডেভেলপমেন্ট প্রকল্পের পরিচালক চৌধুরী মুফাদ আহমদ বলেন, শৌচাগার থাকার পাশাপাশি এর রক্ষণাবেক্ষণ জরুরি। ব্যবহারের অযোগ্য শৌচাগার বিদ্যালয়ে মেয়েদের উপস্থিতিতে বেশি প্রভাব ফেলে। কোনো বিদ্যালয়ে যদি একটি শৌচাগার থাকে, তবে সেটি মেয়েদের ব্যবহার করার সুযোগ দেওয়া উচিত বলে মনে করেন তিনি।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক মো. সিরাজুল ইসলাম বলেন, বিদ্যালয়ে বর্জ্য ব্যবস্থাপনার সুযোগ থাকতে হবে। নতুন ভবন নির্মাণের ক্ষেত্রে স্যানিটারি ন্যাপকিন যাতে অপসারণের ব্যবস্থা থাকে, সেই সুযোগ রাখতে হবে। তার আগে অন্তত ঢাকনাওয়ালা ঝুড়ি রাখা উচিত। তিনি বিদ্যালয়ে ‘পিয়ার অ্যাপ্রোচ’ চালুর প্রস্তাব করে বলেন, এই ব্যবস্থায় ছেলেরা ছেলেদের এবং মেয়েরা মেয়েদের বিভিন্ন বিষয় নিয়ে নিজেদের মধ্যে খোলামেলা আলোচনা করতে পারে।
শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী দেওয়ান মো. হানজালা বলেন, ১৯৯৫ সাল পর্যন্ত ধারণা ছিল, শৌচাগার দূরে থাকতে হবে, যাতে গন্ধ না ছড়ায়। এর ফলে এক বদনা পানি নিয়ে ঠিকভাবে শৌচকর্ম ও হাত ধোয়া সম্ভব নয়। তিনি আরও বলেন, শৌচাগারে একবার ফ্ল্যাশ করলে ২০ লিটার পানি এবং শৌচকর্মসহ অন্যান্য কাজে সাত লিটার পানি ব্যবহার হয়। সেখানে এক বদনা পানি দিয়ে এসব কাজ সম্পন্ন করা অসম্ভব ব্যাপার। এই বাস্তবতার আলোকে পরবর্তীকালে সমন্বিত ডিজাইন চালু করায় স্যানিটেশন ব্যবস্থার বেশ উন্নতি হয়েছে।
ওয়াটার এইডের দেশীয় প্রতিনিধি মো. খায়রুল ইসলাম বলেন, ‘একটি ভবন নির্মাণ করার চেয়ে এর আয়ুষ্কালে রক্ষণাবেক্ষণ বা পরিচ্ছন্নতার খরচ অনেক বেশি। কিন্তু আমরা শুধু একবারে বিনিয়োগ বা নির্মাণ খরচ নিয়েই ভাবি। এর ফলে ওই ভবন বা এর শৌচাগার রক্ষণাবেক্ষণে প্রয়োজনীয় টাকা সব সময় থাকে না। এ জন্য মূল প্রকল্পের সঙ্গে রক্ষণাবেক্ষণ খরচ অন্তর্ভুক্ত করা উচিত।’
প্রথম আলোর সহযোগী সম্পাদক আব্দুল কাইয়ুম বলেন, স্কুলের স্যানিটেশন–ব্যবস্থা দেখভাল করা জেলা বা উপজেলা শিক্ষা কর্মকর্তাসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের নিয়মিত পরিদর্শনের অংশ হওয়া উচিত।
বৈঠকের শুরুতে ওয়াটার এইডের পরিচালক (প্রোগ্রামস অ্যান্ড পলিসি) হাসিন জাহান ‘বাংলাদেশ ন্যাশনাল হেলথ হাইজিন বেজলাইন সার্ভে’র প্রাথমিক প্রতিবেদনের কিছু গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেন। ওই প্রতিবেদনের ওপর আলোচনা করতে গিয়ে রাশেদা কে চৌধূরী ও নজরুল ইসলাম খান জরিপটি সহজ বাংলায় প্রকাশ ও এর প্রচার করার আহ্বান জানান।
এ ছাড়া ইউসেপের নির্বাহী পরিচালক মো. জাকী হাসান, ব্র্যাক ওয়াশ কর্মসূচির প্রধান মিলন কান্তি বড়ুয়া, ইউনিসেফের আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট বিশেষজ্ঞ মোহাম্মদ মহসিন, সুইডিশ দূতাবাসের গ্রোগ্রাম অফিসার (স্বাস্থ্য) জহিরুল ইসলাম, সেভ দ্য চিলড্রেনের প্রোগ্রাম ডিরেক্টর (শিখন) তালাত মাহমুদ ও প্রথম আলোর বিশেষ প্রতিনিধি শরিফুজ্জামান আলোচনায় অংশ নেন।