বিদ্যালয়ের ছাদে ভারী স্থাপনা, আতঙ্ক

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া মডেল হাইস্কুল ভবনের ওপর ছোট্ট পরিসরে মুঠোফোনের টাওয়ার স্থাপনের কথা ছিল। কিন্তু সেই জায়গায় মুঠোফোন কোম্পানি বিশাল আকারের টাওয়ার স্থাপন করেছে বলে অভিযোগ উঠেছে। এতে দুর্ঘটনার আশঙ্কা করছেন বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, ২০১২ সালের জুনে বিদ্যালয় কর্তৃপক্ষ মুঠোফোন কোম্পানি টেলিটকের সঙ্গে বার্ষিক ৬০ হাজার টাকায় ১০ বছরের ভাড়া চুক্তিতে টাওয়ার স্থাপনের সম্মতি দেয়। পরে আরও পাঁচ বছরের জন্য মেয়াদ বাড়ানো হয়। বিদ্যালয়ের তিনতলা ভবনের ছাদের ওপর ছোট্ট পরিসরে টাওয়ার স্থাপনের কথা থাকলেও প্রায় এক বছর ধরে ৪৫ ফুট উঁচু লোহার টাওয়ার স্থাপন করা হয়। ১১টি মোটা বিম, ২৫টি ব্যাটারিসহ অন্যান্য সামগ্রীর জন্য প্রায় একতলা ভবনের সমান লোহার টাওয়ার স্থাপন করা হয়েছে।
গত ২৪ ফেব্রুয়ারি বিদ্যালয়ের দ্বিতীয় তলায় ক্লাস চলার সময় ভবনটি হঠাৎ নড়ে ওঠে। এতে টাওয়ার ধসের গুজব উঠলে শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। হুড়োহুড়ি করে সিঁড়ি দিয়ে নামতে গিয়ে ১০ ছাত্রীসহ এক শিক্ষক পদদলিত হয়ে আহত হন।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নুরুল ইসলাম মণ্ডল বলেন, ‘টাওয়ারটি দ্রুত সরিয়ে নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ জানিয়েছি। প্রয়োজনে বিকল্প স্থানে বসানোর জন্য সব ধরনের সহযোগিতা করা হবে।’
টেলিটক কোম্পানি ফরিদপুর অঞ্চলের প্রকৌশলী অংশু প্রীতি বলেন, ‘ছোট্ট পরিসরে কেমন টাওয়ার বসানোর কথা ছিল, বিষয়টি আমার জানা নেই। তবে রাজবাড়ী টিঅ্যান্ডটির এক উপসহকারী প্রকৌশলীর সঙ্গে ১ মার্চ বিদ্যালয় পরিদর্শন করেছি। আমাদের কাছে ঝুঁকিপূর্ণ বলে মনে হয়নি। তবে বিদ্যালয় কর্তৃপক্ষ টাওয়ারটি রাখতে না চাইলে লিখিতভাবে জানানোর পর টেলিটক কোম্পানি পরীক্ষা-নিরীক্ষা শেষে ব্যবস্থা নেবে।’