বিদ্যালয়ের জায়গা দখলের জন্য মাঠে বাঁশ-লাকড়ি?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বুধল ইউনিয়নের জঙ্গলীসার গ্রামের বেসরকারি প্রাথমিক বিদ্যালয়টি দখলের জন্য একটি প্রভাবশালী মহল নানা অপকৌশল চালাচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা।

ওই মহলটি বিদ্যালয়ের মাঠে খড়ের স্তূপ ও বাঁশ-লাকড়ি জমা করে রেখেছে। এসব কারণে অনেক ছাত্র-ছাত্রী বিদ্যালয়ে আসা বন্ধ করে দিয়েছে। এ ছাড়া প্রায় অর্ধশত শিক্ষার্থী ওই বিদ্যালয় ছেড়ে পাশের বিদ্যালয়ে ভর্তি হয়েছে।

সম্প্রতি সরেজমিনে দেখা যায়, বিদ্যালয়ের নলকূপটি বাঁশের স্তূপে ঢেকে গেছে। এ ছাড়া মাঠে খড় ও লাকড়ির স্তূপ রাখা হয়েছে।

এর আগে এ বছরের শুরুর দিকে ওই মহলটি বিদ্যালয়ের জায়গা দখলে নিতে সেখানে একটি বিপণিবিতান নির্মাণের চেষ্টা চালায়। সে সময় তারা বিদ্যালয়ে হামলা চালিয়ে ১২ জোড়া বেঞ্চ, তিনটি টেবিল ও ব্ল্যাকবোর্ড, ছয়টি চেয়ার, কাঠের দরজা ভেঙে ফেলে এবং টিনের বেড়া খুলে নেয়। এ ঘটনায় ১৩ জনের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়ার মুখ্য বিচারিক হাকিমের আদালতে মামলা করা হয়। এ নিয়ে গত ৫ জানুয়ারি ‘বিদ্যালয় দখলের পাঁয়তারা’ শিরোনামে প্রথম আলোয় একটি প্রতিবেদনও প্রকাশিত হয়।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আবু জাহের মিয়া জানান, ২০০৪ সালে গ্রামের বাসিন্দারা ৩১৯ দাগের ১০ শতক পরিমাণ ডোবা ভরাট করে টিনের চালার ওই বিদ্যালয় চালু করেন। ওই জায়গা স্থায়ী বন্দোবস্ত পেতে ২০০৬ সালের ২০ জুন বিদ্যালয়ের তৎকালীন প্রধান শিক্ষক মরিয়ম আক্তার জেলা প্রশাসকের কাছে আবেদন করেন। ওই বছরের ২৯ আগস্ট স্থানীয় ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা তদন্ত করে জায়গাটি বন্দোবস্ত দেওয়ার ব্যাপারে সদর উপজেলার সহকারী কমিশনারের (ভূমি) কাছে সুপারিশ করে প্রতিবেদন জমা দেন।

একই বছরের ২৬ সেপ্টেম্বর কৃষি খাসজমি ব্যবস্থাপনা ও বন্দোবস্ত কমিটির সভায় এ জায়গা শিক্ষাপ্রতিষ্ঠানের অনুকূলে অকৃষি নীতিমালা অনুযায়ী শ্রেণী পরিবর্তন সাপেক্ষে বন্দোবস্ত দেওয়ার সিদ্ধান্ত হয়। এরপর সেখানে আরেকটি টিনের ঘর নির্মাণ করা হয়। তিনি বিদ্যালয়টি রক্ষার জন্য সরকারের কাছে আবেদন জানান।

বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য মুখলেছুর রহমান জানান, জায়গাটি বুধল বাজারের পাশে হওয়ায় এর দাম অনেক। ফলে গ্রামের ভূমিদস্যুদের নজর পড়ে এই জায়গার ওপর। তাঁদের মধ্যে দুজন হলেন আবদুস সাত্তার ও গিয়াস উদ্দিন। তাঁরা বিদ্যালয়ের জায়গা স্থায়ী বন্দোবস্ত নিতে গত বছরের ৪ জুলাই জেলা প্রশাসক বরাবর আবেদন করেন। আবেদনে উল্লেখ করা হয়, পাশের দাগের জমি তাঁদের। তাই জায়গাটি স্থায়ীভাবে বন্দোবস্ত পাওয়া তাঁদের অগ্রাধিকার। জেলা প্রশাসক তাঁদের আবেদন নাকচ করে দেন। এরপর গত ২৭ আগস্ট তাঁরা বিদ্যালয়ের সামনের রাস্তায় আধা পাকা দোকানঘর নির্মাণ করেন। বিষয়টি জেলা প্রশাসককে জানালে তাঁর নির্দেশে গত ১৬ সেপ্টেম্বর এসব স্থাপনা ভেঙে দেয় প্রশাসন। এর জের ধরে গত ২৫ নভেম্বর তাঁরা বিদ্যালয়ে হামলা করেন।

বিদ্যালয়টির প্রধান শিক্ষক মো. লুৎফুর রহমান জানান, আতঙ্কে প্রায় অর্ধশত ছাত্র-ছাত্রী বিদ্যালয় ছেড়ে চলে গেছে। অনেকে আবার স্কুলে আসা ছেড়ে দিয়েছে।

আবদুস সাত্তার জায়গাটি খাসজমি বলে স্বীকার করলেও তাঁর দাবি, তাঁর পূর্বপুরুষেরা এই জায়গা ভোগদখল করেছেন। সে জন্য জায়গাটি তাঁর চাই।