বিদ্যালয়ের প্রবেশপথে প্রাচীর নির্মাণের উদ্যোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুরের বদরগঞ্জের আশরাফগঞ্জ উচ্চ​বিদ্যালয় ও আশরাফগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রবেশপথে প্রাচীর নির্মাণের জন্য মাটি কেটে গর্ত তৈরি করেছেন এক ব্যক্তি। ৪ মে তোলা ছবি l প্রথম আলো
রংপুরের বদরগঞ্জের আশরাফগঞ্জ উচ্চ​বিদ্যালয় ও আশরাফগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রবেশপথে প্রাচীর নির্মাণের জন্য মাটি কেটে গর্ত তৈরি করেছেন এক ব্যক্তি। ৪ মে তোলা ছবি l প্রথম আলো

রংপুরের বদরগঞ্জ উপজেলায় একই চত্বরে অবস্থিত দুটি শিক্ষাপ্রতিষ্ঠানের যৌথ প্রবেশপথ প্রাচীর তুলে বন্ধ করে দেওয়ার চেষ্টা চলছে বলে অভিযোগ পাওয়া গেছে। এতে উদ্বিগ্ন হয়ে পড়েছেন বিদ্যালয় দুটির শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকেরা।
সম্প্রতি সরেজমিনে দেখা যায়, উপজেলার রামনাথপুর ইউনিয়নের ট্যাক্সেরহাট এলাকায় একই চত্বরে আশরাফগঞ্জ দ্বিমুখী উচ্চবিদ্যালয় ও আশরাফগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় অবস্থিত। দুটি শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য রয়েছে একটি সাধারণ প্রবেশপথ। চত্বরে ঢোকার প্রধান ফটক থেকে অন্তত ১০ গজ ভেতরে প্রাচীর তোলার উদ্দেশ্যে গর্ত করা হয়েছে।
স্থানীয় কয়েকজন জানান, স্থানীয় বাসিন্দা রায়হান হাবিব চত্বরে ভেতরের জমি পৈতৃক দাবি করে সেখানে প্রাচীর নির্মাণের উদ্যোগ নিয়েছেন।
এলাকাবাসী ও শিক্ষকদের সূত্রে জানা যায়, ১৯৩৫ সালে ওই প্রাথমিক ও ১৯৬৮ সালে উচ্চবিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন স্থানীয় লোকজন। মোট ৩০ শতক জমির ওপর শিক্ষাপ্রতিষ্ঠান দুটি দাঁড়িয়ে আছে। এর মধ্যে ২১ শতক জমি দান করেছেন বদরগঞ্জ ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ মোফাজ্জল হোসেন। তাঁরই ছেলে রায়হান হাবিব।
উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী মিমি খাতুন বলেন, ‘বিদ্যালয়ে ঢোকা ও বের হওয়ার একমাত্র পথে দেয়াল তুলতে ২ মে গর্ত করা হয়েছে।’
উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহফুজার রহমান বলেন, ‘জমিদাতা মোফাজ্জল হোসেন বার্ধক্যজনিত কারণে শয্যাশায়ী। প্রতিষ্ঠাকালে তিনি বিদ্যালয়ের নামে ২১ শতক জমি দান করেন। এর দলিলপত্র আমাদের কাছে আছে। অথচ তাঁর ছেলে রায়হান হাবিব দাবি করছেন, তাঁর বাবা জমি দান করেননি। এখন তিনি ওই জমি দখলের উদ্দেশ্যে বিদ্যালয়ের প্রবেশপথে প্রাচীর তুলেছেন। ’
প্রাথমিক বিদ্যালয়টির প্রধান শিক্ষক পরিমল চন্দ্র রায় বলেন, তাঁর বিদ্যালয়ে ৬১০ শিক্ষার্থী আছে। প্রবেশপথে প্রাচীর দেওয়া হলে শিক্ষার্থী-শিক্ষক সবারই বিদ্যালয়ে প্রবেশ কঠিন হয়ে যাবে। তা ছাড়া প্রাচীরের কারণে মাঠের আয়তন ছোট হয়ে যাওয়ায় শিশুদের শারীরিক কসরতও করানো যাবে না।
এ ব্যাপারে রায়হান হাবিব বলেন, ‘আমার বাবা বিদ্যালয়ের নামে ওই জমি দান করেননি। বিদ্যালয় কর্তৃপক্ষ অবৈধভাবে জমি দখল করে আছেন।’