বিদ্যালয়ের ভূমি দখলের প্রতিবাদে ছাত্র গণসমাবেশ
‘আমাদের বিদ্যালয়, আমরাই বাঁচাব’, ‘বিদ্যালয় দখল করা চলবে না, বন্ধ করো’, ‘খোলা আকাশের নিচে আমরা, শিক্ষামন্ত্রী আপনি কোথায়’। এমন সব স্লোগান লেখা প্ল্যাকার্ড নিয়ে রাজধানীর বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা গতকাল বৃহস্পতিবার জড়ো হয়েছিল ছাত্র গণসমাবেশে।
রাজধানীর বেইলি রোডের সামাজিক শিক্ষাকেন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এই গণসমাবেশের আয়োজন করে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ঢাকা মহানগর সংসদ। সমাবেশ থেকে রাজধানীর ২৮টি বিদ্যালয়ের ভূমি দখলের প্রতিবাদ ও ভেঙে ফেলা প্রাথমিক বিদ্যালয় ভবনগুলো পুনর্নির্মাণের দাবি জানানো হয়।
সমাবেশ থেকে ৭ সেপ্টেম্বর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে স্মারকলিপি প্রদানের কর্মসূচি ঘোষণা করা হয়। এ ছাড়া ১৭ সেপ্টেম্বরের মধ্যে তাদের দাবি পূরণে পদক্ষেপ নেওয়া না হলে পরবর্তী সময়ে নতুন কর্মসূচি দেওয়া হবে বলে জানানো হয়।
বেলা ১১টার দিকে সমাবেশের শুরুতেই রাস্তায় অবস্থান করা নিয়ে আয়োজকদের সঙ্গে পুলিশের কথা-কাটাকাটি হলে পরিস্থিতি কিছুটা উত্তপ্ত হয়ে ওঠে। আয়োজকেরা রাস্তার একপাশে ত্রিপল বিছিয়ে সেখানে অবস্থান করতে চাইলে পুলিশ বাধা দেয়। পরে রাস্তায় অবস্থান করতে দিলেও পুলিশ মাইক ব্যবহার করতে দেয়নি।
সমাবেশ শেষে শিক্ষার্থীদের নিয়ে একটি মিছিল বের করা হয়। মিছিলটি শান্তিনগর মোড় পর্যন্ত পৌঁছার পর সেখানেই সমাবেশের সমাপনী ঘোষণা করেন সমাবেশের সভাপতি ঢাকা মহানগর ছাত্র ইউনিয়নের সভাপতি বিধান বিশ্বাস। বাংলাদেশের কমিউনিস্ট পার্টির উপদেষ্টা মঞ্জুরুল আহসান খান, সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমেদ, কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, ছাত্র ইউনিয়নের নেতা ও অভিভাবকেরা সমাবেশে উপস্থিত ছিলেন।