বিদ্যালয়ের মাঠে গরুর হাট, বুধবার বেলা ১১টায় ছুটি

লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ী ইউনিয়নের হাবিবা খাতুন বালিকা উচ্চবিদ্যালয় মাঠে প্রায় এক বছর ধরে প্রতি বুধবার গরুর হাট বসছে। হাটের কারণে ওই দিন বিদ্যালয় বেলা ১১টায় ছুটি হয়ে যায়।
এ বিষয়ে গত ২৫ অক্টোবর জেলা শিক্ষা কর্মকর্তা এস এম মোসলেম উদ্দিনের সাক্ষর করা এক চিঠিতে বিদ্যালয় মাঠে আর হাট না বসানোর জন্য বিদ্যালয়ের প্রধান শিক্ষককে নির্দেশনা দেওয়া হয়। ওই চিঠি হাতে না পাওয়ার অজুহাতে এরপরও বিদ্যালয়টির মাঠে গরুর হাট বসেছে।
সর্বশেষ হাটবার গত বুধবার দুপুরে সরেজমিনে বিদ্যালয়ে দেখা যায়, বিদ্যালয় মাঠ লোকে লোকারণ্য। সেখানে গরু বেচাকেনা চলছে। সারা মাঠে পশুর মলমূত্র। গন্ধে টেকা দায়। বিদ্যালয় মাঠের যেখানে-সেখানে গরু বাঁধার জন্য বাঁশের খুঁটি পোঁতা।
স্থানীয় সাংসদ আবু সালেহ মোহাম্মদ সাঈদ মুঠোফোনে গত শনিবার বলেন, ‘আর্থিক সুবিধার বিনিময়ে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ব্যবস্থাপনা কমিটির সভাপতি বিদ্যালয় মাঠে প্রতি বুধবার গরুর হাট বসাচ্ছেন। আমি হাট বসানো বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা
নিতে জেলা শিক্ষা কর্মকর্তাকে বলেছি। যদি এতে কাজ না হয় তবে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতির পদ থেকে বর্তমান সভাপতিকে সরানোর পদক্ষেপ নেওয়া হবে।’
জেলা শিক্ষা কর্মকর্তা এস এম মোসলেম উদ্দিন বলেন, শিক্ষার গুণগত মান উন্নয়ন ও শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে বিদ্যালয়টির মাঠের দক্ষিণ পাশে সীমানাপ্রাচীর দেওয়া এবং বুধবার পূর্ণদিবস বিদ্যালয় চালু রাখার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে নির্দেশ দেওয়া হয়েছে। সেই সঙ্গে আগামী সাত দিনের মধ্যে জেলা শিক্ষা কার্যালয়কে লিখিতভাবে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে।
জেলা শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, চিঠিটি জেলা ডাকঘর থেকে বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরাবরে রেজিস্ট্রি করে পাঠানো হয়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতাউর রহমান গতকাল রোববার বলেন, মাঠে হাট বসানোর সিদ্ধান্তটি বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটিতে আলোচনা করে নেওয়া হয়েছে। প্রতি বুধবারের গরুর হাটের বিনিময়ে ইজারাদার বিদ্যালয় ফান্ডে দেড় হাজার টাকা করে জমা দেন। বুধবার বেলা ১১টায় বিদ্যালয় ছুটি হলেও এ ক্ষতি পুষিয়ে নিতে বৃহস্পতিবার পূর্ণদিবস ক্লাস নেওয়া হয়। জেলা শিক্ষা কার্যালয় থেকে বিদ্যালয় মাঠে হাট না বসানোর জন্য চিঠি দেওয়ার কথা তিনি শুনেছেন। তবে এখনো তা হাতে পাননি।
বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও বড়বাড়ী হাটের ইজারাদার আসাবুল হাবিব বলেন, ‘বিদ্যালয় মাঠে গরুর হাট না বসাতে জেলা শিক্ষা কার্যালয় থেকে প্রধান শিক্ষককে চিঠি দেওয়ার কথা শুনেছি।’ এরপরই ‘আমি এখন ব্যস্ত আছি’ বলে মুঠোফোনের সংযোগ কেটে দেন তিনি।