বিদ্যালয়ের শিক্ষক দিয়ে কলেজে পাঠদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট সরকারি অগ্রগামী বালিকা উচ্চবিদ্যালয়টি কলেজে রূপান্তরিত হয়েছে ১০ বছর আগে। কিন্তু এখন পর্যন্ত একজনও কলেজশিক্ষক নিয়োগ দেওয়া হয়নি। বিদ্যালয়ের শিক্ষকেরাই অতিরিক্ত দায়িত্ব হিসেবে কলেজছাত্রীদের পড়াচ্ছেন। ফলে কাঙ্ক্ষিত শিক্ষা প্রাপ্তি থেকে বঞ্চিত হচ্ছে শিক্ষার্থীরা।
অবকাঠামোগত সমস্যা ও প্রয়োজনীয় আসবাবপত্রের সংকট না থাকলেও কলেজের নিজস্ব শিক্ষক না থাকায় সবারই সমস্যা হচ্ছে। তা ছাড়া কলেজ শাখার জন্য আলাদা কর্মকর্তা ও কর্মচারীও নিয়োগ দেওয়া হয়নি। শিক্ষকদের মতো বিদ্যালয় শাখার কর্মকর্তা-কর্মচারীরাই কলেজ শাখার জন্য অতিরিক্ত শ্রম দিচ্ছেন।
১৯০৩ সালে নগরের জিন্দাবাজার এলাকায় বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। বিগত চারদলীয় জোট সরকারের আমলে ২০০৫ সালে এটিকে একটি প্রকল্পের অধীনে কলেজিয়েট স্কুলে রূপান্তর করে শিক্ষা মন্ত্রণালয়। বর্তমানে কলেজ পর্যায়ে বিজ্ঞান ও বাণিজ্য বিভাগে ৬০৯ জন ছাত্রী পড়াশোনা করছে। আর প্রতিষ্ঠানটির মোট শিক্ষার্থী ২ হাজার ৭০০।
বিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক নাজমা বেগম জানান, বিদ্যালয়ে কর্মরত ৪৯ জন শিক্ষকের মধ্যে বর্তমানে একজন শিক্ষাছুটিতে আছেন। বাকিদের মধ্যে ২৪ জন অতিরিক্ত দায়িত্ব হিসেবে বিদ্যালয় শাখায় শ্রেণি কার্যক্রম চালানোর পাশাপাশি কলেজ শাখায়ও পাঠদান করছেন। এতে করে শিক্ষকদের মাত্রাতিরিক্ত চাপ নিতে হচ্ছে।
একাদশ বিভাগের ছাত্রী সাদিয়া রহমান জানায়, নিজস্ব শিক্ষক না থাকায় তাদের সার্বিক পাঠদান কার্যক্রম বিঘ্নিত হচ্ছে। একই শ্রেণির অনামিকা পাল জানায়, বিদ্যালয়ের শিক্ষকেরা পাঠদান কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা করলেও বিজ্ঞানাগারের ক্লাস সেভাবে নেওয়া হয় না।
প্রতিষ্ঠানটির একটি সূত্র জানায়, এখানে বিদ্যালয় শাখায়ও শিক্ষকসংকট রয়েছে। এই সংকট নিরসনে বিদ্যালয়ের নিজস্ব উদ্যোগে তথ্যপ্রযুক্তি, জীববিজ্ঞান ও হিসাববিজ্ঞান বিষয়ে তিনজন ‘অতিথি শিক্ষক’ নিয়োগ দেওয়া হয়েছে। তাঁদের জন্য মাসে বিদ্যালয়ের তহবিল থেকে প্রায় ৩০ হাজার টাকা খরচ করতে হচ্ছে। কলেজ শাখার জন্য সরকারি কোনো বাজেট না থাকায় ছাত্রীদের টিফিন, পানি ও অন্যান্য সুবিধা বিদ্যালয় কর্তৃপক্ষকেই জোগান দিতে হচ্ছে।
সূত্রটি আরও জানায়, বিদ্যালয় শাখায় ১০ জন চতুর্থ শ্রেণির কর্মচারী থাকার কথা থাকলেও আছেন মাত্র ছয়জন, যা প্রয়োজনের তুলনায় অপ্রতুল।
এসব বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবলী পুরকায়স্থ বলেন, বিদ্যালয়ের শিক্ষকদের দিয়ে পাঠদানের পাশাপাশি ছাত্রীদের সুবিধার জন্য কয়েকজন অতিথি শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে। এসব উদ্যোগের কারণে ফলাফলও ভালো হচ্ছে। সদ্য অনুষ্ঠিত উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফলে এই কলেজ থেকে ২৮১ জন ছাত্রী পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ২৬৮ জন।
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তর সিলেটের আঞ্চলিক কার্যালয় সূত্র জানায়, চারদলীয় জোট সরকারের শেষ সময়ে একটি প্রকল্পের অধীনে সারা দেশের ১১টি গুরুত্বপূর্ণ বিদ্যালয়কে কলেজিয়েট বিদ্যালয়ে রূপান্তরিত করা হয়। এরপর প্রকল্পটি সেভাবে এগোয়নি। তাই এসব প্রতিষ্ঠানে শিক্ষক বা কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেয়নি শিক্ষা মন্ত্রণালয়।
তবে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তর সিলেটের উপপরিচালক জাহাঙ্গীর কবীর আহম্মদ বলেন, প্রতিষ্ঠানটির বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়সহ সংশ্লিষ্টরা অবহিত আছেন। এ প্রতিষ্ঠানে পদ সৃষ্টির ব্যাপারে প্রত্যেকেই আন্তরিকভাবে চেষ্টা করছেন।
প্রতিষ্ঠানটির কয়েকজন শিক্ষক মনে করেন, বিদ্যালয়ে কর্মরত যোগ্যতাসম্পন্ন শিক্ষকদের পদায়ন করে পাঠদান সুষ্ঠুভাবে পরিচালনা করা সম্ভব।