সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার নাটুয়ারপাড়া ইউনিয়নের উত্তর তেকানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি আবুবক্কার ছিদ্দিক ও প্রধান শিক্ষক নজরুল ইসলামের বিরুদ্ধে বিদ্যালয়ের বরাদ্দ সরকারি টাকা আত্মসাতের অভিযোগে মামলা করা হয়েছে।
উত্তর তেকানী গ্রামের এক ছাত্রের অভিভাবক শহিদুল ইসলাম বাদী হয়ে জেলা মুখ্য বিচারিক হাকিমের আদালতে মামলাটি করেন।
মামলার আরজিতে তিনি উল্লেখ করেন, ওই বিদ্যালয়ের টিনের ঘর ও বারান্দা সংস্কার এবং বিভিন্ন সময়ে বিদ্যালয়ভিত্তিক উন্নয়ন পরিকল্পনা (স্লিপ) কর্মসূচির আওতায় প্রায় ১ লাখ ৬৫ হাজার টাকা সরকারি বরাদ্দ আসে। কিন্তু বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও প্রধান শিক্ষকের যোগসাজশে কোনো কাজ না করেই তাঁরা ওই টাকা আত্মসাৎ করেছেন।
এ বিষয়ে কমিটির সভাপতি ও প্রধান শিক্ষকের সঙ্গে যোগাযোগ করা হলে তাঁরা দাবি করেন, ‘অভিযোগ সত্য নয়। যে টাকা বরাদ্দ পাওয়া গেছে, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও প্রকৌশল কর্মকর্তার সঙ্গে আলোচনা করেই কাজ করা হয়েছে। আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা করা হয়েছে।’