বিদ্যালয়ের সভাপতি ও শিক্ষকের বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনার আমতলী উপজেলার কালীবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও এক সহকারী শিক্ষকের বিরুদ্ধে আদালতে মামলা করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে অভিযোগ, প্রাইভেট না পড়ায় তাঁরা পঞ্চম শ্রেণির চার শিক্ষার্থীকে পিটিয়ে পরীক্ষার কেন্দ্র থেকে বের করে দেন। 
নির্যাতিত শিক্ষার্থী তানভীরের মা শাহানারা বেগম গতকাল বুধবার আমতলী উপজেলার জ্যেষ্ঠ বিচারিক হাকিম বৈজয়ন্তি বিশ্বাসের আদালতে মামলা করেন। বিচারক মামলাটি আমলে নিয়ে আসামিদের আগামী ৩ সেপ্টেম্বর আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন।
নির্যাতিত শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের অভিযোগ, গত সোমবার বিদ্যালয়ের দ্বিতীয় সাময়িক পরীক্ষার বাংলা বিষয়ের পরীক্ষা চলাকালে পঞ্চম শ্রেণির ছাত্র তানভীর, সফিউল বাশার, আরিফ হোসেন ও শাকুরকে বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাহমুদা খানম ও বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি কাজী নিজামুল হক পিটিয়ে পরীক্ষার কক্ষ থেকে বের করে দেন। এদের মধ্যে তানভীর গুরুতর অসুস্থ হয়ে পড়লে মঙ্গলবার সকালে তাকে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
তানভীরের মা শাহানারা বেগম অভিযোগ করেন, সহকারী শিক্ষক মাহমুদা আক্তার তাঁর ছেলে তানভীর এবং ওর আরও কয়েক সহপাঠীকে দীর্ঘদিন ধরে তাঁর (মাহমুদা) কাছে প্রাইভেট পড়ার জন্য চাপ দিচ্ছিলেন। কিন্তু তাঁর ছেলে বাইরের অপর এক শিক্ষকের কাছে প্রাইভেট পড়ায় মাহমুদা আক্তারের কাছে প্রাইভেট পড়তে রাজি হয়নি। এতে তানভীরের ওপর মানসিক নির্যাতন শুরু করেন মাহমুদা। এ কারণে দেড় মাস ধরে তানভীর বিদ্যালয়ে যায়নি। গত সোমবার পরীক্ষা দিতে গেলে মাহমুদা আক্তার ক্ষিপ্ত হয়ে তানভীর, সফিউল, আরিফ ও শাকুরকে পরীক্ষা চলাকালে দুষ্টুমি করার ঠুনকো অভিযোগ তুলে বেত্রাঘাত করেন। একপর্যায়ে কাজী নিজামুল হক সেখানে গিয়ে আবার বেত্রাঘাত করেন।
কাজী নিজামুল হক শিক্ষার্থীদের পেটানোর কথা অস্বীকার করে বলেন, ‘দুষ্টুমি করার কারণে ওই শিক্ষার্থীদের কান ধরে ওঠবস করিয়েছি।’
শিক্ষিক মাহমুদা আক্তার দাবি করেন, ‘সভাপতি কান ধরে ওঠবস করিয়েছেন। আমি কোনো শিক্ষার্থীকে মারধর করিনি। এটা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র।’
আমতলী প্রাথমিক শিক্ষা (ভারপ্রাপ্ত) কর্মকর্তা মো. আবুল বাসার বলেন, বিষয়টি অবগত হওয়ার পর তা তদন্ত করা হচ্ছে। তদন্তে অভিযোগের সত্যতা পেলে অবশ্যই দায়ীদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।