বিদ্যালয়ের সভাপতির পদ নিয়ে টানাটানি
রাজশাহীর বাগমারা উপজেলার বেশ কিছু প্রাথমিক বিদ্যালয়ে ব্যবস্থাপনা কমিটি গঠনে অনিয়ম হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। বিদ্যালয়গুলোতে দপ্তরি কাম প্রহরী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশের পর নীতিমালা লঙ্ঘন করে গোপনে এসব কমিটি গঠন করা হয়েছে বলে জানা গেছে।
এই বিরোধের নেপথ্যে রয়েছে দপ্তরি কাম প্রহরী নিয়োগ। বিদ্যালয়ের সভাপতি হয়ে টাকার বিনিময়ে ওই পদে নিয়োগ দেওয়ার জন্যই প্রতিযোগিতায় লিপ্ত হয়েছেন ক্ষমতাসীন দলের নেতারা। এসব পদে তিন থেকে চার লাখ টাকা নিয়ে নিয়োগ দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে।
উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় থেকে জানা গেছে, গত আগস্টে দ্বিতীয় দফায় বাগমারার ৩৭টি প্রাথমিক বিদ্যালয়ে দপ্তরি কাম প্রহরী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এর পর থেকে ব্যবস্থাপনা কমিটির সভাপতি পদ নিয়ে ক্ষমতাসীন দলের নেতাদের মধ্যে প্রতিযোগিতা শুরু হয়। তাঁদের কেউ কেউ স্থানীয় সাংসদের কাছ থেকে ডিও লেটার নিয়ে সংশ্লিষ্ট দপ্তরে জমা দেন। উপজেলার খামারগ্রাম, সাইপাড়া, শিবজাইট, ঝাড়গ্রাম, কাঁঠালবাড়ী প্রাথমিক বিদ্যালয়সহ আরও কয়েকটি বিদ্যালয়ে একই পদে একাধিক ব্যক্তির নামেও ডিও লেটার দেওয়ায় বিরোধের সৃষ্টি হয়েছে। এ নিয়ে পাল্টাপাল্টি অভিযোগও রয়েছে। সরকারি বিধি মোতাবেক ১১ জন সদস্যের ভোটে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত হবেন। কিন্তু ভোট ছাড়াই শুধু ডিও লেটারের জোরে সভাপতি নির্বাচিত করে কয়েকটি বিদ্যালয়ে কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।
কাঁঠালবাড়ী প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি ইব্রাহিম হোসেন অভিযোগ করেন, এই বিদ্যালয়ে সভাপতি নির্বাচনে কোনো ভোট হয়নি। সাংসদের ডিও লেটারের মাধ্যমে অভিভাবক না হয়েও মাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামসুল হক সভাপতি মনোনীত হয়েছেন।
কুমারপুর স্কুলের অভিভাবক সদস্য আলেফ আলী ও খলিলুর রহমান জানান, তাঁদের স্কুলে ভোট ছাড়াই গোপনে স্থানীয় আওয়ামী লীগের এক নেতাকে সভাপতি বানিয়ে কমিটি গঠন করা হয়েছে। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ইমাজ উদ্দিন এ অভিযোগ করেন। পরে নতুন প্রধান শিক্ষক যোগদানের পর বিষয়টি ধরা পড়ে। এ বিষয়ে অভিভাবকেরা লিখিত অভিযোগ দিয়েছেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। চান্দেরআড়া স্কুলের অভিভাবক সদস্য আমজাদ হোসেন অভিযোগ করেন, তাঁদের স্কুলেও ভোট ছাড়াই সাংসদের মনোনীত ব্যক্তিকে সভাপতি করা হয়েছে।
শিবজাইট এলাকার জাফর ইকবাল জানান, তাঁকে সাংসদ ডিও লেটার দিলেও স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মামুনুর রশিদ শিবজাইট স্কুলের সভাপতি হওয়ার জন্য আরেকটি ডিও লেটার দাখিল করেছেন। এ নিয়ে তাঁদের মধ্যে বিরোধের সৃষ্টি হয়েছে। খামারগ্রাম স্কুলেও দুজন ব্যক্তিকে ডিও লেটার দেওয়া হয়েছে বলে জানা গেছে। এ নিয়ে সংশ্লিষ্ট দপ্তরে একাধিক অভিযোগও দেওয়া হয়েছে। কমিটি নিয়ে বিরোধের কারণে দপ্তরি নিয়োগের প্রক্রিয়াও স্থগিত রাখা হয়েছে বলে জানা গেছে।
কুমারপুর স্কুলের এক ছাত্রের অভিভাবক মমতাজ উদ্দিন অভিযোগ করেন, দপ্তরি পদে নিয়োগ বাণিজ্যের জন্য কমিটি গঠন নিয়ে এ বিরোধের সৃষ্টি হয়েছে। অভিযোগের ব্যাপারে জানতে চাইলে শামসুল হকসহ বিভিন্ন বিদ্যালয়ের কয়েকজন সভাপতি জানান, তাঁরা সঠিকভাবেই নির্বাচিত হয়েছেন। নিয়োগ বাণিজ্যের জন্য নয়, শিক্ষার পরিবেশ ফিরিরে আনার জন্যই তাঁরা সভাপতি নির্বাচিত হয়েছেন।
জানতে চাইলে উপজেলা শিক্ষা কমিটির সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ডি এম জিয়াউর রহমান বলেন, দপ্তরি পদে নিয়োগ বাণিজ্যের জন্যই সভাপতির পদ নিয়ে টানাটানি চলছে। কমিটি গঠনে কিছু অনিয়ম হওয়ার কথা স্বীকার করে তিনি বলেন, এ অবস্থায় দপ্তরি নিয়োগ হলে মামলায় পড়তে হবে। তবে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রণোতোষ কুমার সেন বলেন, কিছু বিদ্যালয়ে কমিটি গঠন নিয়ে বিরোধ থাকলেও তা মিটে গেছে। আরও কিছু থাকলেও সেগুলো তদন্ত করা হচ্ছে।