বিদ্যালয়ের সম্পত্তি দখলমুক্ত করতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর বাউফল উপজেলার কেশবপুর ইউনিয়নের ভরিপাশা মাধ্যমিক বিদ্যালয়ের সম্পত্তি দখলমুক্ত করতে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা মানববন্ধন করেছেন। গতকাল বুধবার সকালে বিদ্যালয় মাঠসংলগ্ন এলাকায় ওই কর্মসূচি পালিত হয়।
সকাল ১০টায় ঘণ্টাব্যাপী এ কর্মসূচিতে শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সদস্য, অভিভাবক ও স্থানীয় লোকজনও অংশ নেন। মানববন্ধন থেকে বিদ্যালয়ের সম্পত্তি উদ্ধার করার জন্য প্রশাসনের কাছে দাবি জানানো হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মনিরুজ্জামান জানান, বিদ্যালয়ের তৎকালীন প্রধান শিক্ষক লুৎফুল হক খানের আবেদনের পরিপ্রেক্ষিতে ১৯৬২ সালে বিদ্যালয়ের নামে সরকারিভাবে ৩ একর ৭৭ শতাংশ জমি অধিগ্রহণ করা হয়। কিন্তু পরে ইউনুচ হাওলাদার নামে স্থানীয় এক ব্যক্তি বিদ্যালয়ের ওই সম্পত্তির ১ একর ৩৩ শতাংশ জমি দখলে নিয়ে বসতঘর তোলেন। মানববন্ধনে উপস্থিত স্থানীয় এক অভিভাবক আনছার উদ্দিন বলেন, ‘সম্পত্তি দখলমুক্ত না হওয়ায় বিদ্যালয়ের উন্নয়ন কার্যক্রম প্রায় বন্ধ।’
ইউনুচ হাওলাদার দাবি করেন, ওই জমি তাঁর পৈত্রিক সম্পত্তি এবং সিএস রেকর্ডও তাঁদের নামে।
বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি নজরুল ইসলাম বলেন, বিষয়টি এলাকার সাংসদ ও জাতীয় সংসদের চিফ হুইপ আ স ম ফিরোজকে জানানো হয়েছে।
বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা এ বি এম সাদিকুর রহমান জানান, বিষয়টি তিনি দেখছেন।