বিদ্যালয়ের স্বীকৃতি স্থগিত থাকলেও পরীক্ষা দিচ্ছে শিক্ষার্থীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধান শিক্ষক ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নিয়োগ না দেওয়ায় তিন বছরের বেশি সময় ধরে বিদ্যালয়টির স্বীকৃতি স্থগিত রেখেছে চট্টগ্রাম শিক্ষা বোর্ড। তার পরও ওই বিদ্যালয় থেকে গত তিন বছরে জেএসসি ও এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে কয়েক শ শিক্ষার্থী। এ চিত্র কক্সবাজারের পৌর প্রিপ্যারেটরি উচ্চবিদ্যালয়ের।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিদ্যালয়টি ১৯৬৬ সালে প্রতিষ্ঠা করা হয়। শিক্ষা বোর্ড ১৯৭৬ সালে এর আনুষ্ঠানিক অনুমোদন দেয়। বর্তমানে বিদ্যালয়টিতে শিক্ষক রয়েছেন ১৯ জন। তাঁদের মধ্যে ১১ জন এমপিওভুক্ত। শিক্ষার্থীর সংখ্যা ছয় শতাধিক।
অনুসন্ধানে জানা যায়, স্বীকৃতি নবায়নের ধারাবাহিকতায় ২০০৮ সালে স্বীকৃতি নবায়নের জন্য চট্টগ্রাম শিক্ষা বোর্ডে আবেদন করে বিদ্যালয় কর্তৃপক্ষ। শিক্ষা বোর্ড ২০১১ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত বিদ্যালয়ের স্বীকৃতি নবায়ন করে। এরপর বোর্ডের শর্ত পূরণ না করায় স্বীকৃতি স্থগিত হয়ে যায়। এর পর থেকে বোর্ডের স্বীকৃতি ছাড়াই বিদ্যালয়ের কার্যক্রম চলছে।
বিদ্যালয় সূত্র জানায়, প্রায় সাত বছর ধরে বিদ্যালয়টিতে প্রধান শিক্ষক নেই। সহকারী প্রধান শিক্ষকের পদ শূন্য প্রায় তিন বছরে ধরে। দীর্ঘদিন ধরে নেই ব্যবস্থাপনা কমিটিও। শিক্ষা বোর্ডের স্বীকৃতিও স্থগিত তিন বছরের বেশি সময় ধরে। তার পরও চলছে কার্যক্রম।
স্বীকৃতি নবায়নের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে গত ৭ জানুয়ারি বোর্ডের সহকারী বিদ্যালয় পরিদর্শক স্বাক্ষরিত ‘স্বীকৃতি নবায়ন সম্পর্কিত চাহিদা’ বিষয়ক চিঠি দেওয়া হয়। চিঠিতে উল্লেখ করা হয়, বিধি মোতাবেক একজন প্রধান শিক্ষক ও একজন সহকারী প্রধান শিক্ষক নিয়োগ করে যাবতীয় প্রমাণপত্র বোর্ডে দাখিল করার জন্য বলা হলো।
এ বিষয়ে চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক কাজী নাজিমুল ইসলাম প্রথম আলোকে বলেন, এ বিষয়ে খতিয়ে দেখা হবে। এত অনিয়ম নিয়ে একটি বিদ্যালয় চলতে পারে না। প্রয়োজনে সব পাবলিক পরীক্ষায় শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন স্থগিত করে দেওয়া হবে।
বর্তমান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নুরুল ইসলাম এসএসসি, এইচএসসি ও বিএ পাস করেন তৃতীয় বিভাগে। বিদ্যালয়ের স্বীকৃতি নবায়নের জন্য তিনি গত বছর আবেদন করলে বোর্ড স্বীকৃতি নবায়নসংক্রান্ত চাহিদা চিঠি দেয় ৭ জানুয়ারি। কিন্তু পৌর কর্তৃপক্ষ এ সময়ের মধ্যে প্রধান শিক্ষক নিয়োগের কোনো পদক্ষেপই নেয়নি। এর মধ্যে দুবার প্রধান শিক্ষক নিয়োগের জন্য স্থানীয় পত্রিকায় বিজ্ঞাপন দেওয়া হয়। অভিযোগ রয়েছে, বর্তমানে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককেই প্রধান শিক্ষক হিসেবে নিয়োগের চেষ্টা করছে পৌর কর্তৃপক্ষ। অথচ সরকারি বিধি অনুযায়ী, কারও তিনটি তৃতীয় বিভাগ থাকলে তিনি প্রধান শিক্ষক হিসেবে নিয়োগে অযোগ্য বিবেচিত হবেন।
তবে এ অভিযোগ অস্বীকার করে কক্সবাজার পৌরসভার মেয়র সরওয়ার কামাল বলেন, নিয়োগপ্রক্রিয়া চলছে। শিগগিরই প্রধান শিক্ষক নিয়োগ দেওয়া হবে।