বিদ্যালয়, সড়ক হুমকিতে ফেলে বালু তুলছেন আ.লীগ নেতা
বগুড়া শিবগঞ্জ উপজেলার লক্ষ্মীকোলা গ্রামে আইন লঙ্ঘন করে আবাদি জমি থেকে শ্যালো মেশিন দিয়ে বালু তোলা হচ্ছে। দেউলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও একই ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহেদুল ইসলাম এ কাজ করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। বেশ কিছুদিন ধরে শ্রমিক নিয়োগ করে এভাবে বালু তোলায় বসতঘর, সড়ক ও বিদ্যালয় হুমকির মুখে পড়েছে। বালু তোলা বন্ধ না করলে এগুলো ধসে পড়বে বলে স্থানীয় লোকজন আশঙ্কা প্রকাশ করেছেন। বালুমহাল ইজারা প্রদান ও আনুষঙ্গিক অন্যান্য বিষয়ে বিধান প্রণয়নে প্রণীত আইনের ৪-এর খ ধারায় উল্লেখ করা হয়েছে, সেতু, কালভার্ট, সড়ক, মহাসড়ক ও গুরুত্বপূর্ণ সরকারি ও বেসরকারি স্থাপনা অথবা আবাসিক এলাকা থেকে এক কিলোমিটারের মধ্যে বালু তোলা যাবে না। সরেজমিনে দেখা গেছে, এ আইন লঙ্ঘন করে লক্ষ্মীকোলা গ্রামের লক্ষ্মীকোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দোতলা ভবন থেকে প্রায় ৫০ গজ দূরে শ্যালো ইঞ্জিনচালিত যন্ত্র দিয়ে বালু তোলা হচ্ছে। বালু তোলার এ জায়গা থেকে ৬০ থেকে ৭০ গজ দূরেই ২২টি বসতঘর এবং প্রায় ১০ গজ দূরেই পাকা সড়ক। বালু তোলার কাজে নিয়োজিত ফজলুল রহমান ও জাহাঙ্গীর হোসেন বলেন, আওয়ামী লীগের নেতা ও চেয়ারম্যান জাহিদুল ইসলাম তাঁর নিজ জমি থেকে এভাবে বালু তুলছেন।লক্ষ্মীকোলা গ্রামের ব্যবসায়ী আফছার আলী বলেন, দীর্ঘদিন ধরে এভাবে অবাধে বালু তোলায় আশপাশের বাড়িঘর, আবাদি জমি, পাকা সড়ক ও বিস্তীর্ণ এলাকা ঝুঁকির মুখে পড়েছে। তবে বিদ্যালয়ের ভবনটি বেশি ঝুঁকিতে আছে।লক্ষ্মীকোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষক বলেন, ‘চেয়ারম্যান সাহেব একজন সচেতন ব্যক্তি। তিনি কোন আইনে এই বিদ্যালয়ের মাত্র ৫০ গজ দূরে জমি থেকে এভাবে বালু উত্তোলন করছেন, তা আমরা ভেবে পাই না। এতে করে স্কুল ভবনটি ভবিষ্যতে ধসে পড়তে পারে।’লক্ষ্মীকোলা গ্রামের খয়বর আলী, মোসলেম উদ্দিনসহ কয়েকজন অভিযোগ করেন, গত বছর একই জমি থেকে বালু তুলে আওয়ামী লীগের ওই নেতা বিক্রি করেছেন। অতিনি ইউপি চেয়ারম্যান নির্বাচন হওয়ার পর আবারও একই স্থান থেকে বালু তুলে বিক্রি করছেন। ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগের নেতা জাহিদুল ইসলাম জানান, তিনি নিজ বাড়ির কাজের জন্য নিজের জমি থেকে বালু তুলেছেন। কোনো বালু অপরের কাছে বিক্রির জন্য তোলেননি। শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, ‘চেয়ারম্যান সাহেবের বালু উত্তোলনের বিষয়টি তাঁর জানা নেই। তবে অভিযোগ পেলে তদন্ত করে তিনি আইনানুগ ব্যবস্থা নেবেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লুৎফর রহমান জানান, এ ব্যাপারে তিনি কোনো কিছুই জানেন না। এখন খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।