বিদ্যালয় অচল তিন বছর বেতন নিচ্ছেন শিক্ষকেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবান সদর উপজেলার কুহালং ইউনিয়নের খৈয়াপাড়া মেরাজি বেসরকারি (রেজি.) প্রাথমিক বিদ্যালয় প্রায় তিন বছর ধরে অচল। অভিযোগ রয়েছে, শিক্ষকেরা নিয়মিত বিদ্যালয়ে যান না বলে এই অবস্থার সৃষ্টি হয়েছে। শিক্ষকদের দাবি, ছেলেমেয়েরা বিদ্যালয়ে আসে না বলে তাঁরাও বিদ্যালয়ে যেতে উৎসাহ পান না।তবে শিক্ষাকার্যক্রম না থাকলেও বিদ্যালয়টির শিক্ষকেরা নিয়মিত বেতন-ভাতা নিচ্ছেন।অভিভাবক ও বিদ্যালয় পরিচালনা কমিটির (এসএমসি) সভাপতি সুশীল জীবন তঞ্চঙ্গ্যা বলেন, শিক্ষকেরা আসেন না, তাই বিদ্যালয় বন্ধ। তাঁরা মাঝেমধ্যে আসেন, কিন্তু ছেলেমেয়েদের পাঠদানের জন্য নয়, বেতন-ভাতার বিল কিংবা এসএমসির সভাপতির স্বাক্ষর নেওয়ার জন্য।’জানতে চাইলে বিদ্যালয়ের সহকারী শিক্ষক পুলক বড়ুয়া প্রথম আলোকে বলেন, ‘বেতন কম। তা ছাড়া ছাত্রছাত্রীরা বিদ্যালয়ে আসে না। এ জন্য আমরাও নিয়মিত বিদ্যালয়ে যেতে উৎসাহ পাই না।’ তিনি নিয়মিত বেতন-ভাতা পাওয়ার বিষয়টি স্বীকার করেছেন।গত মঙ্গলবার সরেজমিনে দেখা যায়, বিদ্যালয়ের সব কটি দরজায় তালা ঝুলছে। এ সময় স্থানীয় বাসিন্দা যশোবালা তঞ্চঙ্গ্যা প্রথম আলোকে বলেন, বিদ্যালয়টি প্রায় তিন বছর ধরে অচল। এ কারণে তাঁদের ছেলেমেয়েদের বান্দরবান শহরে বাসা ভাড়া করে রেখে দিয়েছেন। রুনেল চাকমা নামের আরেক বাসিন্দা বলেন, পাড়ার বেশির ভাগ ছেলেমেয়ে লেখাপড়া করার জন্য জেলা শহর, রাঙামাটি, চট্টগ্রামসহ তাদের আত্মীয়স্বজনের বাসা অথবা অনাথ আশ্রমে রয়েছে। আর যাদের বাইরে যাওয়ার সামর্থ্য নেই, সেই সব দরিদ্র শিশু শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কবীর আহমদ বলেন, শিক্ষকদের অনুপস্থিতির বিষয়ে তাঁদের কাছে কোনো অভিযোগ নেই। তবে এখন থেকে খোঁজখবর নিয়ে তাঁরা ব্যবস্থা নেবেন। প্রয়োজনে শিক্ষকদের বেতন-ভাতা বন্ধ করে দেবেন।খোঁজ নিয়ে জানা যায়, বিদ্যালয়টি ১৯৮১ সালে প্রতিষ্ঠিত হয়। নিবন্ধন করা হয় ১৯৮৯ সালে। প্রতিষ্ঠানটিতে বর্তমানে মোট চারজন শিক্ষক রয়েছেন।এ ব্যাপারে কথা বলতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক উসিংমংয়ের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি।