বিদ্যালয় আছে, রাস্তা নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের মিঠাপুকুর উপজেলা সদরে অবস্থিত মিঠাপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। এ বিদ্যালয়ে শিক্ষার্থী-শিক্ষক, অবকাঠামো সবই আছে। কিন্তু বিদ্যালয়ে যাওয়ার নেই কোনো রাস্তা। জমির আল দিয়ে শিক্ষক-শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাওয়া-আসা করতে হয়। এতে শিক্ষক-শিক্ষার্থীদের ভোগান্তির শিকার হতে হচ্ছে।

বিদ্যালয় সূত্রে জানা গেছে, ১৯৯৪ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হলেও সরকারীকরণ হয় ২০১৩ সালে। এখানে শিশু শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী রয়েছে ১০৩ জন। প্রধান শিক্ষকসহ শিক্ষক রয়েছেন পাঁচজন। জমিদাতা বিদ্যালয়ের জন্য জমি দিলেও পরবর্তী সময়ে এর আশপাশের জমির মালিকেরা তাঁদের জায়গা না ছাড়ায় বিদ্যালয়ে যাওয়া-আসার নির্দিষ্ট কোনো রাস্তা হয়নি।

গতকাল বৃহস্পতিবার সরেজমিনে দেখা যায়, বিদ্যালয়ের চারদিকেই আবাদি জমি। সেখানে ভুট্টা ও আলুর চাষাবাদ করা হয়েছে। বিদ্যালয় থেকে প্রায় ৩০০ গজ পূর্ব ও দক্ষিণ দিকে দুটি রাস্তা আছে। সেই রাস্তা থেকে বিদ্যালয়ে যাওয়া-আসার কোনো পথ নেই।

দুপুর ১২টায় বিদ্যালয় ছুটির সময় দেখা গেল, শিক্ষার্থীরা দুই দিকের খেতের আল ধরে সারিবদ্ধভাবে বাড়ি ফিরছে। এ সময় পঞ্চম শ্রেণির শিক্ষার্থী মাজেদুল ইসলাম বলে, এভাবে জমির মাঝ দিয়ে যাতায়াত করতে খুব অসুবিধা হয়। খেতের মধ্যে পড়ে যেতেও হয়। তখন খেতের মালিক রাগ করে। একই শ্রেণির নাসিমা বেগম বলে, ‘শীতে আইল ধরিয়া গেইলেও বর্ষাত স্কুল যাওয়া যায় না। জমিত পানি ওঠে।’

বিদ্যালয় এলাকার বাসিন্দা মিঠাপুকুর গ্রামের রুবেল মিয়া বলেন, একটি সরকারি বিদ্যালয়ে যেতে রাস্তা থাকবে না, তা কেমন করে হয়। এ বিষয়ে সরকারিভাবেই উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন তিনি।

শিক্ষক সুব্রত সরকার বলেন, বিদ্যালয়ে শিক্ষার্থীসহ সবাইকে আসতে খুব ভোগান্তি পোহাতে হয়। যেকোনো মালামাল নিয়ে আসা কষ্টকর হয়ে পড়ে। রাস্তা না থাকায় এখানে শিক্ষার্থীর সংখ্যা বাড়ছে না; বরং দিন দিন কমে যাচ্ছে।

বিদ্যালয়ে যাওয়া-আসায় কষ্ট ও দুর্ভোগের কথা উল্লেখ করে প্রধান শিক্ষক তাপসী সরকার বলেন, ‘দুই মাস আগে রাস্তা করার জন্য উপজেলা শিক্ষা কর্মকর্তা বরাবর আবেদন দিয়েছি।’

এ ব্যাপারে জানতে চাইলে উপজেলা শিক্ষা কর্মকর্তা শায়লা শারমিন গতকাল বেলা তিনটার দিকে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, রাস্তা করতে ইতিমধ্যে উদ্যোগ নেওয়া হয়েছে। তবে কবে নাগাদ রাস্তা হবে তা নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।