বিদ্যালয় আট দিন বন্ধ রেখে আনন্দভ্রমণ
আট দিন বিদ্যালয় বন্ধ রেখে কুড়িগ্রামের রাজীবপুর পাইলট উচ্চবিদ্যালয়ের শিক্ষক ও পরিচালনা কমিটির সদস্যরা ১৫ মার্চ ভ্রমণে গেছেন। এতে ক্ষোভ প্রকাশ করেছে শিক্ষার্থী-অভিভাবকেরা। এই ভ্রমণের খরচ বাবাদ ঢাকার ফাহাদ বুক ডিপো নামের একটি প্রকাশনা সংস্থার কাছ থেকে অর্থসহায়তা নেওয়ার অভিযোগ উঠেছে।বিদ্যালয় সূত্র জানায়, শিক্ষক ও পরিচালনা কমিটির সদস্যরা ১৫ মার্চ রাজীবপুর থেকে যাত্রা করে ২৩ মার্চ পর্যন্ত সিলেট, কক্সবাজার, টেকনাফ, রাঙামাটি ও সুন্দরবন ভ্রমণ করবেন। এ বাবদ তাঁদের কোনো টাকা দিতে হবে না। সব খরচ বহন করবে ওই প্রকাশনী সংস্থা। ভ্রমণে বিদ্যালয়ের ২৪ জন শিক্ষক-কর্মচারী, পরিচালনা কমিটির চারজন সদস্য ছাড়াও স্থানীয় আওয়ামী লীগের সভাপতিসহ বাইরের কয়েকজনকে নেওয়া হয়েছে।নাম প্রকাশ না করার শর্তে বিদ্যালয়ের একজন শিক্ষক জানান, ফাহাদ বুক ডিপো থেকে ভ্রমণের জন্য অর্থসহায়তা নেওয়া হয়েছে।প্রধান শিক্ষক আজিম উদ্দিন জানান, শিক্ষকদের ইচ্ছায় এ ভ্রমণের আয়োজন করা হয়। যে কয় দিন বিদ্যালয় ছুটি দেওয়া হয়েছে, গ্রীষঞ্চকালীন বন্ধের সময় তা পুষিয়ে নেওয়া হবে। প্রকাশনীর টাকায় ভ্রমণের কথা অস্বীকার করে তিনি বলেন, ‘এ ভ্রমণ হচ্ছে স্কুল তহবিলের টাকায়।’ এ ব্যাপারে ওই প্রকাশনীর প্রতিনিধি ও বই পরিবেশক ফরহাদ হোসেন ভ্রমণে অর্থসহায়তা দেওয়ার কথা অস্বীকার করেছেন।রাজীবপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কামরুল ইসলাম জানান, তিনি প্রধান শিক্ষককে ভ্রমণ সংক্ষিপ্ত করতে বলেছেন। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আকবর হোসেন বলেন, ‘ভ্রমণের কারণে যে কয় দিন স্কুল বন্ধ থাকবে, তা ছুটির দিনে পুষিয়ে নেবেন শিক্ষকেরা—এই শর্তে ভ্রমণে এসেছি।’জেলা শিক্ষা কর্মকর্তা সামছুল আলম বলেন, ‘বিদ্যালয় কর্তৃপক্ষ সর্বোচ্চ তিন দিন প্রতিষ্ঠান বন্ধ রাখতে পারে। এর বেশি কোনোভাবেই পারে না। আমি প্রধান শিক্ষকের সঙ্গে এ বিষয়ে কথা বলেছি।’