বিদ্যালয় ও জনবসতির পাশে বাস টার্মিনাল
জনবসতি ও বিদ্যালয়ের পাশের সড়ক ও জনপথ (সওজ) বিভাগের জায়গা দখল করে সাতক্ষীরার শ্যামনগর সদরের বাঁধঘাটা এলাকায় বাস টার্মিনাল নির্মাণ করা হচ্ছে। স্থানীয় সাংসদের নেতৃত্বে এ বাস টার্মিনাল নির্মাণ করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।গত ২৭ ফেব্রুয়ারি সরেজমিনে দেখা গেছে, শ্যামনগর উপজেলা পরিষদের পিছনে বাঁধঘাটা এলাকায় নকিপুর পাইলট বালিকা বিদ্যালয় ও শ্যামনগর শিশু নিকেতন নামের দুটি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। ওই বিদ্যালয় দুটির পাশে জনবসতিপূর্ণ এলাকায় সওজের প্রায় ১৪ বিঘা জমির গাছ কেটে বাস টার্মিনাল নির্মাণের কাজ চলছে। সেখানে শতাধিক শ্রমিক মাটি কাটার কাজ করছেন। একজন শ্রমিক বলেন, ‘এমপি সাহেব আমাদের কাজ করতে বলেছেন।’আবদুল মান্নান ও হাশেম আলী নামের স্থানীয় দুই বাসিন্দা জানান, বাস টার্মিনাল নির্মাণ শুরু হলে রাতের আঁধারে ওই জমিতে থাকা বড় আকারের মেহগনি, শিশু, কড়ই, খেজুরসহ বিভিন্ন প্রজাতির তিন শতাধিক গাছ কেটে নিয়েছে দুর্বৃত্তরা। ওই এলাকার বাসিন্দা নকিপুর পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষক আবু সায়াদ ও জিএম হারুন-অর-রশিদ বলেন, তাঁরা এই এলাকায় দীর্ঘদিন ধরে বাস করছেন। টার্মিনাল হলে শব্দ ও পরিবেশ দূষণের কারণে শিক্ষার্থীদের লেখাপড়া ও বসবাসের পরিবেশ বিঘ্নিত হবে। এসব বিষয় সাংসদকে বলা হলেও তিনি বিষয়টি আমলে নিচ্ছেন না বলে জানান তাঁরা।শ্যামনগর সদর ইউপি সদস্য আবদুল খালেক বলেন, জনবসতি ও বিদ্যালয়ের পাশে বাস টার্মিনাল স্থাপন করলে পরিবেশ নষ্ট হবে।এ ব্যাপারে সাতক্ষীরা সওজের নির্বাহী প্রকৌশলী মো. মনিরুজ্জমানান বলেন, কিছু কিছু ক্ষেত্রে তাঁরা অসহায়। স্থানীয় সাংসদ সওজের জায়গায় বাস টার্মিনাল নির্মাণ করার উদ্যোগ নিয়েছেন। তাঁকে সওজের জায়গায় টার্মিনাল নির্মাণ না করার জন্য অনুরোধ করা হয়েছে। সাংসদ বলেছেন, যদি কখনো এ জমি সওজের প্রয়োজন হয় তাহলে জমিটি ছেড়ে দেওয়া হবে।এ ব্যাপারে সাতক্ষীরা-৪ (শ্যামনগর, কালীগঞ্জ) এলাকার সাংসদ এইচ এম গোলাম রেজা বলেন, সওজের জমি বেদখল হয়ে ছিল। তিনি এখন বাস টার্মিনাল নির্মাণ করছেন। তবে কোনো ধরনের স্থায়ী স্থাপনা নির্মাণ করছেন না। স্থানীয় মানুষ ও বিদ্যালয়ের যাতে কোনো অসুবিধা না হয়, এ জন্য পাঁচিল দেওয়া হবে। টার্মিনাল হলে পরিবেশ নষ্ট হবে না বলে তিনি দাবি করেন।