বিদ্যালয় কর্তৃপক্ষের ভুলে পরীক্ষা দিতে পারল না মৌসুমী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদ্যালয় কর্তৃপক্ষের ভুলের কারণে ফরম পূরণ করেও এসএসসি পরীক্ষায় অংশ নিতে পারল না গোপালগঞ্জ শহরের যুগশিখা স্কুলের শিক্ষার্থী মৌসুমী খানম। পরীক্ষার তিন দিন আগে তাকে জানানো হয় তার প্রবেশপত্র আসেনি।মৌসুমীর বাবা মোহাম্মদ গোলদার পেশায় একজন তালা মেরামতকারী। অসচ্ছলতার মধ্যেও আগ্রহের কারণে তিনি মেয়ের লেখাপড়ার খরচের জোগান দিয়ে যাচ্ছেন। পরীক্ষার সব প্রস্তুতি সম্পন্ন করে মৌসুমী। কিন্তু পরীক্ষায় অংশ নিতে না পারায় তার শিক্ষাজীবন বিপন্ন হতে বসেছে।মৌসুমী জানায়, যুগশিখা নিম্ন মাধ্যমিক বিদ্যালয় হওয়ায় কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী অন্য শিক্ষার্থীদের সঙ্গে গোপালগঞ্জ সদরের বাজুনীয়া পি পি বি বি উচ্চবিদ্যালয় থেকে তার ফরম পূরণ করা হয়। এ জন্য তাকে আড়াই হাজার টাকা দিতে হয়। ২৫ জানুয়ারি সহপাঠীদের সঙ্গে প্রবেশপত্র আনতে গেলে জানানো হয়, তার প্রবেশপত্র পরে দেওয়া হবে। পরীক্ষার তিন দিন আগে পুনরায় প্রবেশপত্রের জন্য স্কুলে গেলে প্রধান শিক্ষক জানান, বোর্ড থেকে প্রবেশপত্র আসেনি।যুগশিখা স্কুলের প্রধান শিক্ষক (দায়িত্বপ্রাপ্ত) সৈয়দ আবদুল হক জানান, ফরম পূরণের সময় ভুলক্রমে মৌসুমীর পরিবর্তে অপর একজন শিক্ষার্থীর নাম সেখানে অন্তর্ভুক্ত হয়েছে। বাজুনীয়া পি পি বি বি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক সন্তোষ মৌলিক বলেন, মৌসুমী খানম নামের কোনো শিক্ষার্থী ফরম পূরণ করেনি।