বিদ্যালয় ঘেঁষে ইটভাটা, ধোঁয়া ও ধুলোয় অতিষ্ঠ শিশুরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনার ফুলতলা উপজেলার আলকা পল্লীমঙ্গল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সঙ্গেই গড়ে তোলা হয়েছে ইটভাটা। ভাটার ধোঁয়া, ধুলোয় শিশুদের শিক্ষা ও স্বাস্থ্য হুমকির মুখে পড়ছে। ভাটাসংলগ্ন দক্ষিণ পাশে রয়েছে জনবসতিপূর্ণ এলাকা। সরেজমিনে মঙ্গলবার সকালে গিয়ে দেখা গেল, বিদ্যালয়ের মাঠ লাগোয়া ইটভাটা। বিদ্যালয়ের ঠিক তিন গজের মধ্যে উত্তর দিকে একটি পুকুর খনন করে তাতে মাছ চাষ করা হচ্ছে। আর মাছের খাবার হিসেবে ব্যবহার করা হচ্ছে, চিংড়ি মাছের পচা মাথা, মুরগির বিষ্টা। এগুলোর গন্ধে বিদ্যালয়ে টেকা দায়। ভাটার দক্ষিণ দিকে ৫০ গজের মধ্যে রয়েছে আলকা গ্রামের জনবসতিপূর্ণ এলাকা। দ্বিতীয় শ্রেণীর ছাত্র আল-আমিন বলে, ‘ধোঁয়া ও বালিতে ক্লাস করা যায় না।’ চতুর্থ শ্রেণীর ছাত্র ইমন সরদার বলে, ‘ধোঁয়ার গন্ধে ও কালিতে ক্লাস করতে খুব কষ্ট হয়।’ পঞ্চম শ্রেণীর রহিমা খাতুন বলে, ‘একটু বাতাস হলে ভাটার বালু ক্লাসের মধ্যে চলে আসে। তখন জানালা-দরজা বন্ধ করে ক্লাস করতে হয়।’ একই শ্রেণীর সজীব সরদার বলে, ‘ভাটার মালিক পুকুরে পচা খাবার দেয়। তখন গন্ধে ক্লাস করতে পারি না।’আলকা গ্রামের শরিফা খাতুন বলেন, ভাটার ধোঁয়া ও কালিতে গাছপালার খুব ক্ষতি হচ্ছে। অধিকাংশ আমগাছে এ কালি পড়ার কারণে মুকুল ঠিক মতো বের হতে পারছে না। বিদ্যালয়ের শিক্ষিকা খাদিজা খাতুন বলেন, ‘ভাটার ধোঁয়া, বালু ও কালিতে আমরা ক্লাস করতে পারি না। আমরা এ ব্যাপারে মৌখিকভাবে ইউএনও ও সাংসদকে বিষয়টি জানিয়েছি। কিন্তু কোনো প্রতিকার হয়নি।’বিদ্যালয় সূত্রে জানা যায়, ১৯২৯ সালে প্রতিষ্ঠিত এ বিদ্যালয়ে বর্তমান শিক্ষার্থী ৪১৫ জন। বিদ্যালয়সীমার এক গজের মধ্যে ২৪ বছর আগে আলাল হক খান নামের এক ব্যক্তি ইটের ভাটাটি গড়ে তোলেন। এর পর থেকে অনেকবার শিক্ষকেরা মৌখিকভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানান। তাতে কোনো কাজ হয়নি। সর্বশেষ ইউএনও মো. হাবিবুর রহমান ও সাংসদ নারায়ণ চন্দ্রকে জানানো হয়। কিন্তু তাতেও কোনো ফল হয়নি। বিদ্যালয়ের প্রধান শিক্ষক হোসনে আরা প্রথম আলোকে বলেন, ‘একটু বাতাস হলে ধুলা-বালিতে শ্রেণীকক্ষ ভরে যায়। ভাটার লোকজন বিদ্যালয়ের শৌচাগারের তালা ভেঙে ব্যবহার করে।’ফুলতলা উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. হাবিবুর রহমান বলেন, ‘আমার কাছে সংবাদ আছে, তারা এখানে ইট তৈরি করে অন্যত্রে পোড়ায়। এটা তো অনেকদিন থেকে চলে আসছে। এখন আমি জানলাম। দ্রুত ব্যবস্থা নেব।’খুলনা-৫ আসনের সাংসদ নারায়ণ চন্দ্র চন্দ প্রথম আলোকে বলেন, ‘আমি রাস্তার ব্যাপারে এলজিইডিকে বলে দিচ্ছি। তারা রাস্তা ঠিক করে দেবে।’ ভাটার ব্যাপারে তিনি বলেন, ‘পরিবেশ অধিদপ্তরের কাছে ওই এলাকার লোকজন ভাটা বন্ধে একটি আবেদন করলে আমি পরিবেশ অধিদপ্তরকে বলে দেব ভাটা বন্ধ করার জন্য।’ পুকুরে পচা খাবার দেওয়ার ব্যাপারে তিনি বলেন, ‘আমি পুকুরটা একবার লিজ দিয়েছিলাম। তারা পচা খাবার দিত। তারপর তা আমি বন্ধ করে দিয়েছি।’ খুলনা মেডিকেল কলেজের সহকারী অধ্যপক ও শিশুরোগবিশেষজ্ঞ এম এ হাসান বলেন, ‘ধোঁয়া ও বালুতে শিশুদের সর্দি, কাশি, শ্বাসকষ্ট রোগ হয়। এ রোগ বারবার দেখা দিলে শিশুর স্বাস্থ্যহানি ঘটে। আস্তে আস্তে পড়াশোনায় মনোযোগ কমতে থাকে।’খুলনা জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অশোক কুমার সমাদ্দার বলেন, ‘আমি সরেজমিনে গিয়ে দেখে ব্যবস্থা নিচ্ছি।’ভাটার মালিক আলাল হক খান বলেন, ‘আমি ১৯৮৮ সালে এ ভাটাটি করেছি। আমার পরিবেশ অধিদপ্তরের ছাড় আছে। এ ভাটার জন্য পরিবেশের তেমন কোনো সমস্যা হচ্ছে না। কেউ কোনো সমস্যার কথা আজ পর্যন্ত বলেনি।’