বিদ্যালয় চত্বরে শ্রম-বিক্রির হাট!
নড়াইলের লোহাগড়া উপজেলার সেরা দুই শিক্ষাপ্রতিষ্ঠান লোহাগড়া পাইলট উচ্চবিদ্যালয় ও লোহাগড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্য দিয়ে গেছে লোহাগড়া বাজারসংলগ্ন ব্যস্ত সড়ক। এ সড়কের ওপর, বিদ্যালয় চত্বর ও শ্রেণীকক্ষের বারান্দায় বসে শ্রম-বিক্রির হাট। এতে ওই দুই প্রতিষ্ঠানে লেখাপড়ায় বিঘ্ন ঘটছে।স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতি সোম ও বৃহস্পতিবার লোহাগড়া বাজারে শ্রম বিক্রির হাট বসে। হাট চলে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। এই এলাকার মধ্যে শ্রম বিক্রির সবচেয়ে বড় হাট এটি। খুলনার তেরখাদা থেকে আসা ইরান মৃধা (২৬) ও চুন্নু মিয়া (৪৫) জানান, গুতিয়ার বিল পানিতে ডুবে যাওয়ায় এ এলাকায় এসেছেন কাজ করতে। বাগেরহাটের কচুয়া থেকে এসেছেন ফিরোজ কাজী (৩০)। তিনি বলেন, ‘আমাগের এলাকায় কাজ নেই, তাই কাজের খোঁজে আইছি।’ তাঁরা সবাই জানান, হাটে তাঁদের দাঁড়ানোর জায়গা নেই।লোহাগড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী শাশ্বতী মজুমদার, নাজিয়া সুলতানা ও মারিয়া জামান জানায়, তারা ক্লাসের আশপাশে দাঁড়িয়ে থাকে, তাই মনোযোগ নষ্ট হয়। বেশি সমস্যা হয় অঙ্ক বোঝানোর সময়। লোহাগড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কোহিনুর পারভিন জানান, বিদ্যালয় চত্বর ও শ্রেণীকক্ষের বারান্দায় শ্রমিকেরা বসে থাকেন। তাঁদের হইচইয়ে লেখাপড়ার মারাত্মক বিঘ্ন ঘটে। বিড়ি-সিগারেটের গন্ধে স্কুলে বসা যায় না। লোহাগড়া পাইলট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মৃত্যুঞ্জয় কুমার দাস জানান, শুধু লেখাপড়ার বিঘ্নই ঘটছে না, স্কুলসংলগ্ন ওই রাস্তায় এত লোক জড়ো হয় যে ছেলেমেয়েরা যাওয়া-আসাই করতে পারে না। হাটের দিন ওই রাস্তায় যানবাহনও বন্ধ হয়ে যায়।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অরুণ কুমার মণ্ডল বলেন, ‘বিষয়টি নিয়ে মাসিক আইনশৃঙ্খলা সভায় আলোচনা হয়েছে। তবে স্কুল চত্বরে এভাবে জন (শ্রমিক) বিক্রির হাট বসাতে দেব না।’ লোহাগড়া বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক শিকদার মিজানুর রহমান জানান, স্কুলের যেমন সমস্যা হচ্ছে, তেমনি শ্রমিকদেরও দাঁড়ানোর জায়গা নেই। এ ব্যাপারে করণীয় বিষয়ে বণিক সমিতির আগামী সভায় আলোচনা হবে।