বিদ্যালয় ছুটি দিল যুবদল!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের রায়পুর পৌরসভার সাতটি বিদ্যালয়ের শিক্ষার্থীদের বের করে দিয়ে ছুটি দিয়েছেন যুবদলের নেতা-কর্মীরা।
গতকাল রোববার সকাল সাড়ে ১০টার দিকে হরতালকারীরা ওই বিদ্যালয়গুলোর ক্লাসে ক্লাসে গিয়ে শিক্ষার্থীদের পাঠদান বন্ধ করে দেয়। পরে তাদের ক্লাস থেকে বের করে দিয়ে বিদ্যালয়গুলো বন্ধ করে দেয়। এতে তিনটি মাধ্যমিক ও চারটি প্রাথমিক বিদ্যালয়ে প্রায় দুই হাজার শিক্ষার্থী পাঠদান থেকে বঞ্চিত হয়।
জানা গেছে, পৌরসভার রায়পুর মার্চ্চেন্টস একাডেমি, রায়পুর পাইলট বালিকা উচ্চবিদ্যালয়, রায়পুর এলএম পাইলট উচ্চবিদ্যালয়, রায়পুর মার্চ্চেন্টস একাডেমি প্রাথমিক শাখা, রায়পুর স্টেশন মডেল, পাইলট বালিকা প্রাথমিক বিদ্যালয় ও এলএম পাইলট প্রাথমিক বিদ্যালয়ে প্রতিদিনের মতো ক্লাস চলছিল। হরতালকারী যুবদলের নেতা-কর্মীরা বিদ্যালয়গুলোতে মিছিল নিয়ে আসেন। পরে প্রতিটি ক্লাসে পাঠদানরত শিক্ষার্থীদের তাঁরা বের করে দেন। সাড়ে ১১টার মধ্যেই বন্ধ হয়ে যায় এসব বিদ্যালয়।
শিক্ষার্থী আমেনা বেগম ও শামছুল আরেফিন জানায়, তাদের ক্লাসে পাঠদান চলছিল। এ সময় হরতালকারীরা দলবল নিয়ে বিদ্যালয়ে এলে শিক্ষক-শিক্ষার্থীরা আতঙ্কিত হয়ে পড়ে। পাঠদান বন্ধ করে তাদের বিদ্যালয় থেকে চলে যেতে বলা হয়।
কয়েকজন প্রধান শিক্ষক জানান, হরতালকারীরা বিদ্যালয়ের ক্লাসগুলোতে ঢুকে জোরপূর্বক শিক্ষার্থীদের বের করে দেয়। এ সময় তারা বিদ্যালয়ের ঘণ্টাও বাজায়।
রায়পুর পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মঞ্জুর কাদের বলেন, হরতালকারীরা বিদ্যালয়ে এসে শিক্ষার্থীদের বের করে দিয়েছে। সামনে তাদের পরীক্ষা। এ সময় শ্রেণী কার্যক্রম বন্ধ থাকলে শিক্ষার্থীদের পাঠদানে ব্যাঘাত ঘটবে।
রায়পুর পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ভূঁইয়া কামাল রায়হান বলেন, ‘আমাদের নেতা-কর্মীরা বিদ্যালয়ে গিয়ে শিক্ষার্থীদের হরতাল সম্পর্কে বুঝিয়েছে। পরে তারা স্বেচ্ছায় ক্লাস ত্যাগ করে চলে যায়। কাউকে জোরপূর্বক বা বাধ্য করা হয়নি।’ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান ভূঁইয়া বলেন, ‘বিষয়টি দুঃখজনক।’