বিদ্যালয় ছুটি দিয়ে গরুর হাট!
বগুড়ার শিবগঞ্জ উপজেলার বুড়িগঞ্জ উচ্চবিদ্যালয়ের মাঠে গরু-ছাগলের হাট বসেছে। এ জন্য বিদ্যালয় কর্তৃপক্ষ কোনোমতে তিনটি ক্লাসের পরই গত সোমবার বিদ্যালয় ছুটি ঘোষণা করেছে।সোমবার দুপুর ১২টা দিকে সরেজমিনে দেখা গেছে, গরু আর ছাগলে বিদ্যালয়ের মাঠ ভরে গেছে। লোকজন গরু-ছাগল কেনাবেচায় ব্যস্ত। ধুলা আর গরু-ছাগলের মলমূত্রে এলাকা দূষিত হয়ে গেছে। লোকজন বিদ্যালয়ের বারান্দায় গিয়ে চেঁচামেচি করছে। এদিকে ক্লাস বাদ দিয়ে ওই বিদ্যালয় ও আশপাশের শিক্ষাপ্রতিষ্ঠানের কয়েকজন ছাত্র রসিদ হাতে হাটের মধ্যে ঘুরে ঘুরে খাজনা আদায় করছে। বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র কৈলাশ চন্দ্র জানায়, প্রতিটি গরুর খাজনা আদায় বাবদ সে ১০ টাকা করে কমিশন পাবে। এ জন্য ক্লাস বাদ দিয়ে খাজনা আদায়কারী হিসেবে কাজ করছে সে। বেলা একটার কিছু আগে বিদ্যালয় ছুটি ঘোষণা করা হয়।অভিযোগ পাওয়া গেছে, বুড়িগঞ্জ হাটের নিজস্ব জায়গা না থাকায় ইজারাদার নামকাওয়াস্তে কিছু টাকা বিদ্যালয় কর্তৃপক্ষকে দিয়ে সারা বছর প্রতিসপ্তাহের সোম ও শুক্রবার এভাবে গরু-ছাগলের হাট বসাচ্ছেন। বিদ্যালয়ের ছাত্র আবু জাফর জানায়, হাটের চেঁচামেচির কারণে ক্লাস করা দায়। বিশ্রী পরিবেশের সৃষ্টি হয় হাটবারে। নাম প্রকাশ না করার শর্তে দশম শ্রেণীর এক ছাত্রী বলে, ‘হাটুরেরা এমন অশ্লীল ভাষায় কথা বলে যে মনে হয়, বিদ্যালয়ে না আসাই ভালো। বিষয়টি শিক্ষকদের জানিয়েছি।’গরুবিক্রেতা ছাতুয়া গ্রামের আফজাল হোসেন (৫৫) বলেন, ‘হাটের জায়গা না থাকায় হাটমালিকেরা আমাদের এ মাঠে এনে গরু বিক্রি করতে বলেছেন।’এক ছাত্রের অভিভাবক আতাউল ইসলাম (৫০) বলেন, বিদ্যালয়ের মাঠে গরুর হাটের কারণে শিক্ষার্থীদের লেখাপড়ার ক্ষতি হচ্ছে। বিষয়টি প্রধান শিক্ষককে বলা হলেও তিনি কোনো ব্যবস্থা নেননি।প্রধান শিক্ষক মোজাম্মেল হক বলেন, ‘বিদ্যালয়ের মাঠে গরু-ছাগলের হাট বসায় লেখাপড়ার ক্ষতি হচ্ছে—এটা ঠিক। কিন্তু বিকল্প কোনো উপায় নেই। মাঠে হাট বসাতে না দিলে হাটটিই ভেঙে যাবে। তাই বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির অনুমতি নিয়েই অসুবিধা হওয়ার পরও মাঠটি ব্যবহার করতে দিতে হচ্ছে। টাকা নেওয়া প্রসঙ্গে তিনি জানান, প্রতিবছর ক্রীড়া অনুষ্ঠানের জন্য কিছু টাকা নেওয়া হয়। সেটা তেমন কিছু নয়।উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোতাহার হোসেন বলেন, ‘বিষয়টি আমি জানি না। তবে এ ব্যাপারে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’