বিদ্যালয় ছুটি দিয়ে জনসভায়!
শিক্ষাপ্রতিষ্ঠানের সব শিক্ষককে প্রধানমন্ত্রীর জনসভায় যোগদান করতে হবে—এ রকম একটি মৌখিক নির্দেশনার কারণে গতকাল শনিবার সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার সরকারি ও বেসরকারি ৪৩টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরা বেলা ১১টার সময় বিদ্যালয় ছুটি দিয়ে দুপুরে জনসভায় যোগদান করেছেন।শিক্ষকদের অভিযোগ, শিক্ষকনেতা শহিদুজ্জামানের অতি উৎসাহ ও জনসভায় যোগদান না করলে হয়রানিমূলক বদলি করা হবে—এই ভয়ে উপজেলার অনেক শিক্ষক বিদ্যালয় ছুটি দিয়ে জনসভায় যেতে বাধ্য হয়েছেন। ফেঞ্চুগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. শহিদুজ্জামান বলেন, ‘উপজেলা শিক্ষা কর্মকর্তার মৌখিক নির্দেশনায় জনসভায় শিক্ষকেরা যোগ দিয়েছেন। এটা আমার ব্যক্তিগত কোনো সিদ্ধান্ত নয়। যাতায়াত খরচ শিক্ষকেরা স্বেচ্ছায় দিয়ে দিয়েছেন।’জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. হযরত আলী বলেন, ‘বিদ্যালয় ছুটি দিয়ে কাউকে জনসভায় যোগ দিতে বলা হয়নি। বিদ্যালয় ছুটি শেষে তাঁরা সভায় যোগ দিতে পারতেন। আমি বিষয়টির খোঁজখবর নিচ্ছি।’