বিদ্যালয় ছুটি দিয়ে বউভাত
বরগুনা শহরের একটি মাধ্যমিক বিদ্যালয় ছুটি দিয়ে মাঠে প্রায়ই বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয় বলে অভিযোগ উঠেছে। গতকাল শনিবারও সেখানে বউভাতের আয়োজন করা হয়। এ জন্য আগেভাগে বিদ্যালয় ছুটি দেওয়া হয়।অভিভাবক ও শিক্ষার্থীদের অভিযোগ, শহরের আদর্শ বালিকা বিদ্যালয়ে মাসে দুই-তিনটি বিয়ে ছাড়াও অন্যান্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ কারণে পাঠদান বন্ধ থাকে। এ ছাড়া বিদ্যালয়ের মাঠে খাবারের উচ্ছিষ্ট ফেলায় তার পচা গন্ধে আশপাশের পরিবেশ ভারী হয়ে ওঠে।গতকাল শনিবার বেলা সাড়ে ১১টার দিকে ওই বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, শ্রেণীকক্ষগুলো ফাঁকা, অফিসকক্ষে শিক্ষক নেই। সামনের মাঠে শামিয়ানা টাঙিয়ে সেখানে বসার জন্য চেয়ার সাজানো হয়েছে। মাঠের দক্ষিণ পাশে চলছে রান্নার আয়োজন। বিদ্যালয়ের প্রধান সহকারী হুমায়ুন কবির বলেন, ‘এখানে বউভাতের আয়োজন করা হয়েছে বলে আজ বিদ্যালয় আগেভাগেই ছুটি দিয়ে দেওয়া হয়েছে।’ তিনি জানান, স্থানীয় স্বর্ণ ব্যবসায়ী সৃষ্টিচরণ কর্মকারের ছেলে পরিমল কর্মকারের বিয়ের অনুষ্ঠানের জন্য এই আয়োজন। তাঁরা বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতির কাছে আবেদন করে অনুমতি নিয়েছেন।বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসরাত জাহান প্রথম আলোকে বলেন, ‘স্কুল বন্ধ ছিল না। আমরা সকালের পালায় ক্লাস নিয়ে ১১টায় ছুটি দিয়েছি। আমি নিজেও এর বিরোধিতা করি। কিন্তু বিদ্যালয় পরিচালনা কমিটির সিদ্ধান্তের বাইরে যেতে পারি না। বিদ্যালয়ের মাঠ চেয়ে একজন পৌর কাউন্সিলর কমিটির সভাপতিকে অনুরোধ করেছেন।’লিখিত অভিযোগে অভিভাবকেরা উল্লেখ করেন, গত ২৬ ফেব্রুয়ারিও বিদ্যালয়ের পাঠদান বন্ধ রেখে বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রায় প্রতি মাসেই এ রকম দুই-তিনটি অনুষ্ঠান এখানে লেগে থাকে। অভিভাবক স্বপন সাহা বলেন, ‘প্রধান শিক্ষক আমাকে আশ্বস্ত করেছেন, আর কোনো দিন এ ধরনের অনুষ্ঠানের অনুমতি দেওয়া হবে না।’বউভাতের জন্য বিদ্যালয়ের মাঠ ব্যবহার প্রসঙ্গে বর পরিমল কর্মকার বলেন, ‘বরগুনায় যেসব কমিউনিটি সেন্টার আছে, সেগুলো ভাড়া করার সামর্থ্য আমাদের নেই। তাই সাধ্যানুযায়ী আয়োজন করতে স্কুলমাঠ ব্যবহারে অনুমতি নিয়েছি।’বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও বরগুনা পৌরসভার মেয়র সাহাদাত হোসেন বলেন, ‘বিদ্যালয়ের প্রতিষ্ঠাতাদের একজন সৃষ্টিচরণ কর্মকার। তাঁর ছেলের বউভাত আয়োজন করার জন্য আমার কাছে অনুরোধ করেছেন। তাই সুপারিশ করেছি। তবে স্কুল বন্ধ রাখা হয়নি। সকালের পালায় ক্লাস নিয়ে ১১টায় ছুটি দেওয়া হয়েছে।’