বিদ্যালয় ছুটি দিয়ে মাঠে বসে হাট!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাঠের দুই পাশে দুটি বিদ্যালয়। দুই বিদ্যালয়ের শিক্ষার্থী নয় শতাধিক। সপ্তাহ ঘুরে হাটবার এলেই অর্ধেক ক্লাস নিয়ে একটি বিদ্যালয় আগেভাগে ছুটি দেওয়া হয়। কারণ, ছুটি না দেওয়া হলেও অন্য বিদ্যালয়ের শিক্ষার্থীদের পড়তে হয় অন্য রকম বিড়ম্বনায়। হট্টগোলে পাঠে মন বসাতে পারে না তারা।বিদ্যালয়ের মাঠে হাট বসানোর কারণেই বগুড়ার সোনাতলা উপজেলার বালুয়াহাট উচ্চবিদ্যালয় ও বালুয়াহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নয় শতাধিক শিক্ষার্থীকে এমন বিড়ম্বনার শিকার হতে হচ্ছে। গত মঙ্গলবার সরেজমিনে দেখা গেছে, বিদ্যালয়ের মাঠে ধান-চাল ও আম-কাঁঠালের হাট বসেছে। মাঠের আরেক পাশে বসেছে ছাগল-ভেড়ার হাট। বিদ্যালয়ের প্রবেশ মুখের পাশে বসেছে বেশ কয়েকটি বাঁশের চাটাইয়ের দোকান। মাঠের পশ্চিম ও দক্ষিণ প্রান্তে বালুয়াহাট উচ্চবিদ্যালয়ের শ্রেণীকক্ষ ভবন।খোঁজ নিয়ে জানা গেল, দুপুরের আগেই আগেভাগে বিদ্যালয় ছুটি দেওয়া হয়েছে। ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী সাগর হোসেন বলে, আজ হাট, তাই বিদ্যালয়ও হাফ। মাঠে হাট বসানোর জন্যই সকাল সকাল ছুটি দেওয়া হয়েছে। বিদ্যালয়ের শিক্ষক সিদ্দিকুর রহমান বলেন, এলাকার স্বার্থে হাটের দিনে অর্ধেক ক্লাস করে বিদ্যালয় ছুটি দেওয়া হয়। এদিকে মাঠের উত্তর ও পৃর্বপ্রান্তে বালুয়াহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পৃথক দুটি শ্রেণীকক্ষ ভবন। উত্তরপ্রান্তের ভবনের শ্রেণীকক্ষে শিশুদের পরীক্ষা চলছিল। শ্রেণীকক্ষের সামনেই ধান-চালের বাজার। হই-হট্টগোলের মধ্যেই শিশুরা পরীক্ষা দিচ্ছিল। পঞ্চম শ্রেণীর সজিব মিঞা বলে, এত চিল্লাচিল্লির মধ্যে পরীক্ষা দেওয়া যায়! সারা বছরই এ অবস্থা। সহকারী শিক্ষিকা মাকসুদা বেগম বলেন, বিদ্যালয়ের মাঠে হাট বসার কারণে হাটের দিনে পড়ালেখার পরিবেশ থাকে না। বালুয়াহাটের ইজারাদার শিবলু মিয়া দাবি করেন, সোয়া আট লাখ টাকায় হাট ইজারা নেওয়া হলেও পর্যাপ্ত জায়গা না থাকায় হাট বসানো যায় না। হাটের জায়গা না থাকায় যুগ যুগ ধরে বিদ্যালয়ের মাঠে বসছে। বিনিময়ে বিদ্যালয়ের কর্তৃপক্ষকে কিছু টাকাও দেওয়া হয়। বালুয়াহাট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবদুল্লাহ ইজারাদারের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ অস্বীকার করে বলেন, বিদ্যালয়ের মাঠে হাট না বসানোর জন্য ইজারাদার ও হাট কমিটিকে বহুবার বলা হয়েছে। কিন্তু কেউ কথা শোনে না। সোনাতলা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এস এম সারোয়ার জাহান বলেন, হাটের জায়গা না থাকায় মাঠের বাইরে হাট বসানোর কোনো সুযোগ নেই। ফলে সমস্যাও সমাধান করা সম্ভব নয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তরিকুল ইসলাম বলেন, ‘হাটের নিজস্ব জায়গা রয়েছে। সেই জায়গায় হাট বসানোর জন্যই ইজারাদারকে হাট ইজারা দেওয়া হয়েছে। বিদ্যালয়ের মাঠে হাট বসানোর দায় ইজারাদারের। তার পরও বিদ্যালয়ের মাঠে হাট বসানো বন্ধে প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হবে।’