বিদ্যালয় ছুটি দিয়ে ষাঁড়ের লড়াই!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনা সদর উপজেলার মদনপুর ইউনিয়নের নন্দীপুর গ্রামের সোনার বাংলা উচ্চবিদ্যালয়ের মাঠে আজ মঙ্গলবার ষাঁড়ের লড়াইয়ের আয়োজন করা হয়েছে। বিদ্যালয় ছুটি দিয়ে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। স্থানীয় লোকজন জানায়, ষাঁড়ের লড়াইয়ের নামে এখানে জুয়া খেলা হবে। এলাকাবাসী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পুলিশ সুপার বরাবর এ আয়োজন বন্ধের আবেদন করেছে।প্রধান শিক্ষক আবুল হাসান বলেন, ‘আমার স্কুলের দু-তিনজন শিক্ষক অসুস্থ থাকায় এবং বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি স্কুলের মাঠে ষাঁড়ের লড়াই হবে বলে জানালে আমার সংরক্ষিত ছুটি থেকে এক দিনের ছুটি ঘোষণা করেছি।’ মদনপুর ইউপির চেয়ারম্যান মোস্তফা-ই-কাদের বলেন, ‘ষাঁড়ের লড়াইয়ের নামে অন্য কিছু হোক, তা আমিও চাই না।’ সদরের ইউএনও জাকিয়া পারভীন বলেন, ‘এ বিষয়ে আমি কিছুই জানি না।’