বিদ্যালয় ছুটির পর শুরু হয় কলেজের পাঠদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের রাঙ্গুনিয়া মহিলা কলেজে শ্রেণীকক্ষের সংকট প্রকট হয়ে উঠেছে। ধারণক্ষমতার অতিরিক্ত শিক্ষার্থী ভর্তি হওয়ায় এ সমস্যা দেখা দেয়। তবে পার্শ্ববর্তী প্রাথমিক বিদ্যালয়কক্ষে পাঠদান করে এ সমস্যা সমাধান করছে কলেজ কর্তৃপক্ষ। এ জন্য বিদ্যালয় ছুটির অপেক্ষায় থাকতে হয় শিক্ষার্থীদের। কলেজের অধ্যক্ষ সরোয়ার সিকদার জানান, কলেজে উচ্চমাধ্যমিক বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য বিভাগের দ্বিতীয় বর্ষে দেড় শতাধিক শিক্ষার্থী রয়েছে। প্রথম বর্ষে এবার দুই শতাধিক নতুন শিক্ষার্থী ভর্তি হওয়ায় শ্রেণীকক্ষের সংকট দেখা দেয়। ফলে কলেজ ভবনের তিনটি কক্ষে দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের পাঠদান চালানো গেলেও নতুন ভর্তি হওয়া শিক্ষার্থীদের পাঠদান করতে হচ্ছে পার্শ্ববর্তী প্রাথমিক বিদ্যালয়কক্ষে। বিদ্যালয় ছুটির পরই এ পাঠদান শুরু করা হয় বলে জানান তিনি। সরেজমিনে দেখা যায়, কলেজের তিনটি ও পার্শ্ববর্তী প্রাথমিক বিদ্যালয়ের দুটি কক্ষে ঠাসাঠাসি করে বসেছে শিক্ষার্থীরা। এর পরও কিছুসংখ্যক শিক্ষার্থী স্থানসংকুলানের অভাবে পেছনে দাঁড়িয়ে শ্রেণীশিক্ষা নিচ্ছে। কলেজ পরিচালনা কমিটির সভাপতি সাদেকুন-নূর-সিকদার বলেন, শিক্ষার উপকরণ ও শ্রেণীকক্ষসংকট প্রকট হলেও কলেজের শিক্ষার মান খুব ভালো। পাঁচ বছর ধরে উচ্চমাধ্যমিক পরীক্ষায় পাস ও জিপিএ-৫ পাওয়ার দিক থেকে কলেজটি উপজেলার মধ্যে শীর্ষস্থানে রয়েছে। ফলে প্রতিবছরই এ কলেজে বাড়ছে শিক্ষার্থীর সংখ্যা। যাদের প্রয়োজন অন্তত শান্তিতে বসে শ্রেণীশিক্ষা নেওয়া। ক্ষোভ প্রকাশ করে সাদেকুন-নূর-সিকদার বলেন, কলেজে শ্রেণীকক্ষ ও শিক্ষার উপকরণসংকট নিয়ে ১৭ বছর ধরে রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা, চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোডর্, শিক্ষা অধিদপ্তর, পরিবেশ ও বনমন্ত্রী হাসান মাহমুদকে পর্যায়ক্রমে অবহিত করা হয়েছে। কিন্তু এ সমস্যা নিরসনে অদ্যাবধি কেউ কোনো পদক্ষেপ নেননি। উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর আজম সিদ্দিকী বলেন, কলেজটি নারীশিক্ষায় অনন্য ভূমিকা রাখছে। উপর্যুপরি ভালো ফলের কারণে নারীশিক্ষার্থীরা এ কলেজে ভর্তি হচ্ছে বেশি। ফলে কলেজটিতে শ্রেণীকক্ষের সংকট ক্রমেই তীব্র হয়ে উঠছে। এ সংকট নিরসনে কলেজটির একটি নতুন ভবন নির্মাণ জরুরি। এ ব্যাপারে বিভাগীয় পর্যায়ে প্রতিবেদন পাঠানো হয়েছে বলে জানান তিনি।