বিদ্যালয় জাতীয়করণ হওয়ায় আনন্দ শোভাযাত্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর সৈয়দপুরের তুলশিরাম বালিকা উচ্চবিদ্যালয়টি গত সোমবার জাতীয়করণের ঘোষণায় আনন্দ শোভাযাত্রা হয়েছে। গতকাল বুধবার শিক্ষাপ্রতিষ্ঠান চত্বর থেকে ওই শোভাযাত্রা বের হয়। এতে বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী, শিক্ষক, রাজনীতিবিদ, সরকারি-বেসরকারি কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।
গতকাল সকাল থেকেই শিক্ষাপ্রতিষ্ঠানটিতে জড়ো হতে থাকেন অতিথিরা। প্রাক্তন শিক্ষার্থীরা সমবেত হন প্রতিষ্ঠান চত্বরে। বেলা ১১টায় বের হয় ওই শোভাযাত্রা। এসেছিলেন সৈয়দপুর সরকারি কারিগরি কলেজের অধ্যক্ষ আমির আলী আজাদ, সৈয়দপুর রেলওয়ে জেলার পুলিশ সুপার সিদ্দিকী তাঞ্জিলুর রহমান, পৌরসভার সাবেক চেয়ারম্যান মো. বখতিয়ার কবির, মুক্তিযুদ্ধে শহীদের সন্তান অধ্যাপক সাখাওয়াৎ হোসেন, স্কুলটির প্রতিষ্ঠাতা দানবীর শহীদ তুলশিরাম আগরওয়ালা পরিবারের সদস্য অমিত আগরওয়ালা, সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আবদুল গফুর সরকার, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সৈয়দপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন জাভিস্কো, ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক রুহুল আলম মাস্টার প্রমুখ।
স্কুলটির পরিচালনা কমিটির সভাপতি রেজা চৌধুরী বলেন, ‘সৈয়দপুরের মানুষের দীর্ঘদিনের দাবি ছিল উত্তরাঞ্চলের প্রাচীনতম নারী শিক্ষাপ্রতিষ্ঠান তুলশিরাম বালিকা বিদ্যালয়টি জাতীয়করণের। গত সোমবার সরকার দ্বিতীয় দফায় আমাদের প্রতিষ্ঠানটিকে জাতীয়করণের প্রজ্ঞাপন জারি করায় আমরা খুশি।’
প্রাক্তন শিক্ষার্থী জাহানারা বেগম বলেন, ‘বিদ্যালয়টি সরকারীকরণের ঘোষণায় খুব ভালো লাগছে।’
তুলশিরাম বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল ইসলাম প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, সবাই অভিভূত। এ কারণে কয়েক হাজার মানুষ স্বতঃস্ফূর্তভাবে শোভাযাত্রায় অংশ নিয়েছেন। পরে শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।