বিদ্যালয় থেকে আ.লীগের কার্যালয় সরানোর নির্দেশ
পটুয়াখালীর গলাচিপা মাধ্যমিক বিদ্যালয় থেকে সাংসদ গোলাম মাওলা রনির সমর্থিত উপজেলা আওয়ামী লীগের কার্যালয় সরানোর নির্দেশ দেওয়া হয়েছে। বিদ্যালয়টিকে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। অধিদপ্তরের সহকারী পরিচালক সাখায়েত হোসেন বিশ্বাস স্বাক্ষরিত এক চিঠিতে বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও প্রধান শিক্ষককে এ নির্দেশ দেওয়া হয়। উপজেলা আওয়ামী লীগের সাংসদ-সমর্থিত পক্ষটি বিদ্যালয়ের একটি শ্রেণীকক্ষ দলীয় কার্যালয় হিসেবে ব্যবহার করে আসছিল। উপজেলা আওয়ামী লীগের অপর অংশের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মো. হারুন-অর-রশিদ বিষয়টি অধিদপ্তরে জানান। তিনি কার্যালয়টি সরাতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অধিদপ্তরের মহাপরিচালকের কাছে আবেদন করেন।এ বিষয়ে মতামত জানতে চাইলে বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. আবদুল বারেক জানান, প্রধান শিক্ষক ছুটিতে আছেন। পরিচালনা পরিষদের সভাপতিও এলাকায় নেই। তাঁরা না আসা পর্যন্ত কিছু বলা যাচ্ছে না। অপরদিকে সাংসদের পক্ষের উপজেলা আওয়ামী লীগের নেতা রেজাউল করিম হাওলাদার বলেন, ‘আমরা তো বিদ্যালয়ের ওই কক্ষ ভাড়া নিয়ে কার্যালয় করেছি। তা ছাড়া কার্যালয় সরানো নিয়ে এখনো কোনো চিঠি পাইনি।’উল্লেখ্য, গলাচিপা উপজেলা আওয়ামী লীগে কোন্দাল দীর্ঘদিনের। এক পক্ষে রয়েছেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. রেজাউল করিম হাওলাদার ও প্রচার সম্পাদক কাজী শহিদুল ইসলাম। তাঁরা গলাচিপার সাংসদ গোলাম মাওলার অনুসারী। অপর পক্ষে আছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলার চেয়ারম্যান হারুন-অর-রশিদ এবং সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা।