বিদ্যালয় থেকে নদী আর মাত্র ১৫ হাত দূরে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আলফাডাঙ্গা উপজেলার বুড়াইচ ইউনিয়নের মধুমতী নদীর তীরবর্তী খোলাবাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়টি ভাঙনের ঝুঁকিতে রয়েছে। যেকোনো মুহূর্তে বিদ্যালয়টি মধুমতি নদীর পেটে চলে যেতে পারে। নদীর তীর থেকে বিদ্যালয়টি মাত্র ১৫ হাত দূরে দাঁড়িয়ে আছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেফালী মজুমদার বলেন, ‘বিপজ্জনক পরিবেশে শিক্ষার কার্যক্রম চলছে।’ জানা গেছে, ৩৩ শতাংশ জমির ওপর ১৯৩৭ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। এখানে প্রধান শিক্ষকসহ তিনজন শিক্ষক ও ৭৮ জন শিক্ষার্থী রয়েছে।বিদ্যালয়ের সহকারী শিক্ষক সৈয়দ সাফায়েত আলী জানান, প্রতিষ্ঠার পর থেকে ১৯৮৭ সাল পর্যন্ত ভাঙনের কারণে বিদ্যালয়টি তিন দফা সরিয়ে নিতে হয়েছে। ২০০০-২০০১ অর্থবছরে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ছয় লাখ ৫৫ হাজার টাকা ব্যয়ে বর্তমান পাকা ভবনটি নির্মাণ করে দেয়। ভারপ্রাপ্ত উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. ওয়াহিদুর রহমান বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানটি বুড়াইচ ও গোপালপুর ইউনিয়নের সীমানার মধ্যে। এটি গোপালপুরে স্থানান্তর করা হলে জমি পাওয়া যেতে পারে। কিন্তু বুড়াইচ ইউনিয়নের বাসিন্দারা বিদ্যালয়টি সরানোর ব্যাপারে আপত্তি তুলেছেন। তাই এটি স্থানান্তর করা যাচ্ছে না। ফরিদপুর পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী সর্দার সিরাজুল হক জানান, তাঁরা সরেজমিনে বিদ্যালয়টি পরিদর্শন করেছেন। ইতিমধ্যে একটি প্রস্তাব ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। অনুমোদন পেলে ভাঙন রোধে কাজ শুরু করা যাবে।