বিদ্যালয় থেকে বেতন নেন পাঠদান করেন কলেজে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষক শামছুর রহমান নিয়মিত বেতন নিচ্ছেন কোটচাঁদপুর উপজেলার বলাবাড়িয়া গ্রামের বলাবাড়িয়া রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয় থেকে, আর পাঠদান করছেন হাকিমপুর মহিলা কলেজে। জানা গেছে, শামছুর রহমান বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত থাকা অবস্থায় নতুন করে হাকিমপুর কলেজে চাকরি নিয়েছেন। কলেজটি এখন পর্যন্ত এমপিওভুক্ত না হওয়ায় তিনি প্রাথমিক বিদ্যালয়ের চাকরি ছাড়েননি। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মহিদুল ইসলাম বলেন, ২০১০ সালের ৮ মে শামছুর রহমান হাকিমপুর মহিলা কলেজের ইসলাম শিক্ষা বিষয়ের প্রভাষক হিসেবে যোগদান করেন। সেই থেকে তিনি ওই প্রতিষ্ঠানের শিক্ষক। এর পর থেকে তিনি প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস নেন না, শুধু হাজিরা খাতায় স্বাক্ষর করে বেতন নেন। ফলে বিদ্যালয়ের পাঠদানসহ অন্যান্য কাজে অসুবিধা হচ্ছে। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও শিক্ষা কর্মকর্তাকে লিখিতভাবে জানানো হয়েছে। এর তদন্ত হয়েছে এবং অভিযোগ প্রমাণিত হয়েছে। কিন্তু আজ পর্যন্ত কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। বিদ্যালয়ের শিক্ষক সূত্রে জানা গেছে, এই বিদ্যালয়ে দুই শতাধিক শিক্ষার্থী রয়েছে। কাগজে-কলমে বিদ্যালয়ে শিক্ষক আছেন চারজন। তাঁরা হলেন—প্রধান শিক্ষক শামছুর রহমান, সহকারী শিক্ষক আবদুল বারিক, জাহিদুল ইসলাম ও মনোয়ারা খাতুন। কিন্তু গত দেড় বছর বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনুপস্থিত রয়েছেন। গত ৩০ অক্টোবর বেলা সাড়ে ১১টার দিকে বিদ্যালয়ে গিয়ে দেখা গেছে, তিনজন শিক্ষক ক্লাস নিচ্ছেন। প্রধান শিক্ষক অনুপস্থিত। তবে বিদ্যালয়ের শিক্ষকেরা জানান, প্রধান শিক্ষক মাঝেমধ্যে এসে হাজিরা খাতায় স্বাক্ষর করে চলে যান। হাকিমপুর মহিলা কলেজের অধ্যক্ষ আশরাফুজ্জামান স্বীকার করেছেন, শামছুর রহমান তাঁর প্রতিষ্ঠানে প্রভাষক হিসেবে দায়িত্ব পালন করছেন। শামছুর রহমান বলেন, ‘নতুন কলেজ প্রতিষ্ঠায় সহযোগিতা করার জন্য আমি মাঝেমধ্যে হাকিমপুর কলেজে ক্লাস নিই। তবে বিদ্যালয় ফেলে কিছু করি না।’কোটচাঁদপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সিদ্দিকুর রহমান বলেন, ‘বিষয়টি তদন্ত করে অভিযোগের সত্যতা পেয়েছি। এ কারণে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে লিখিত দিয়েছি। আশা করছি, দ্রুত এর সমাধান হবে।’