বিশিষ্ট গবেষক ও কলাম লেখক সৈয়দ আবুল মকসুদ বলেছেন, দেশে আজ দখলদারত্বের সংস্কৃতি চলছে। মাঠ, খাল, নদীর পর এখন বিদ্যালয় দখল শুরু হয়েছে। এসব দখলদারকে এখনই শাস্তির আওতায় আনতে হবে।
গতকাল শনিবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচিতে আবুল মকসুদ এসব কথা বলেন। নাগরিক সংহতি ও আমার অধিকার ফাউন্ডেশন যৌথভাবে ‘চম্পা পারুল ও সামাজিক শিক্ষাকেন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয় সচল করো—এখনই’ শীর্ষক এ কর্মসূচির আয়োজন করে। এতে চম্পা পারুল স্কুলের শিক্ষার্থী ও অভিভাবকেরা অংশ নেন।
‘ভূমিদস্যুদের হাত থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয় রক্ষা করো’, ‘প্রাথমিক বিদ্যালয় দখল রোধে সরকারের আরও সক্রিয় ভূমিকা চাই’, ‘বিদ্যালয় ভেঙে জমি দখল চলবে না’ ইত্যাদি লেখাসংবলিত প্ল্যাকার্ড নিয়ে শিক্ষার্থী ও অভিভাবকেরা কর্মসূচিতে যোগ দেন। ভূমি দখল রোধ ও ভূমি উদ্ধারে সরকারের কাছে আট দফা দাবি পেশ করা হয়।
কর্মসূচিতে সংহতি জানিয়ে আবুল মকসুদ আরও বলেন, ‘আমরা ভবিষ্যতের কথা ভেবে যেমন জাটকা ধরি না, তেমনি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর কথাও ভাবতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠান ধ্বংস হলে জাতি মেধাবীদের হারাবে। এসব ভূমিদস্যুকে প্রতিহত করা না গেলে সারা দেশে ছড়িয়ে পড়বে।’
সাংবাদিক আবু সাঈদ খান শিক্ষামন্ত্রীর উদ্দেশে প্রশ্ন রেখে বলেন, ‘আপনি কি ঘুমাচ্ছেন? আপনি আলো নাকি অন্ধকারের পক্ষে?’
অনুষ্ঠানে সাবেক ছাত্রনেতা রুহিন হোসেন বলেন, শিক্ষা এখন পণ্যে পরিণত হয়েছে। সরকারি বিদ্যালয় দখলের জন্য ভূমিদস্যুরা আইনকে ব্যবহার করছে। গরিবের বিদ্যালয়ই কেবল দখল হয়, বড় লোকের নয়।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে শিক্ষাবিদ কাজী ফারুক আহমেদ, ভাস্কর রাশা, জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক শেখ মোহাম্মদ আসলাম প্রমুখ বক্তৃতা করেন।