বিদ্যালয় দখলের পাঁয়তারা!
তাছলিমা, রাহিমা, সাদিয়া, আবুবকর ও নাজির আহমেদ স্থানীয় একটি বেসরকারি বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী। অন্য সবার মতো গত মঙ্গলবার ওরাও পেয়েছে নতুন বই। ওরা আপাতত খুশি। তবে দুশ্চিন্তা ওদের তাড়া করে। ওদের কথা থেকেই তা স্পষ্ট হয়ে ওঠে। ওরা বলে, ‘বই পাইলে কি অইছে, এই বছর আমরা ইশকুলে পড়তে পারব কি না, হেই চিন্তায় আছি। কহন জানি ইশকুল ভাইঙ্গা ফালায়।’ ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বুধল ইউনিয়নের জঙ্গলীসার গ্রামের বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের এই শিক্ষার্থীরাই শুধু নয়, শিক্ষক ও অভিভাবকদেরও আশঙ্কা, বিদ্যালয়টি দুর্বৃত্তরা গুঁড়িয়ে দিতে পারে। অভিযোগ রয়েছে, বিদ্যালয়ের জায়গা বেদখল করে সেখানে একটি মার্কেট নির্মাণের চেষ্টা চলছে। এ লক্ষ্যে একই গ্রামের প্রভাবশালী কয়েকজন লোক ইতিমধ্যে বিদ্যালয়টিতে হামলা চালিয়েছেন। এ ঘটনায় দুটি মামলাও হয়েছে।এলাকাবাসী ও এজাহার সূত্রে জানা গেছে, একদল গ্রামবাসী ১০ শতক খাস জায়গা ভরাট করে সেখানে টিনের একটি ঘর তোলে। সেখানে ২০০৪ সালের ১ জানুয়ারি ১৫০ শিক্ষার্থী ও চারজন নারী শিক্ষক নিয়ে বিদ্যালয়টির যাত্রা শুরু হয়। বিদ্যালয়টির জন্য ২০০৬ সালের ২৬ সেপ্টেম্বর জায়গাটি বন্দোবস্ত নেওয়া হয়। এরপর সেখানে আরেকটি টিনের ঘর নির্মাণ করা হয়। বর্তমানে বিদ্যালয়টিতে সাতজন শিক্ষক ও ১৮৪ জন শিক্ষার্থী রয়েছে। বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য মোখলেছুর রহমান প্রথম আলোকে জানান, একই গ্রামের গিয়াস উদ্দিন ও সাত্তার মিয়া নামের দুই ব্যক্তি মার্কেট নির্মাণের উদ্দেশে ওই বিদ্যালয়ের জায়গা স্থায়ী বন্দোবস্ত নেওয়ার জন্য গত বছরের ৪ জুলাই তৎকালীন জেলা প্রশাসক আবদুল মান্নান বরাবর আবেদন করেন। তিনি ওই আবেদন নাকচ করে দেন। গত বছরের আগস্টে গিয়াস ও সাত্তার বিদ্যালয়ের সামনের রাস্তায় আধাপাকা দোকানঘর নির্মাণ করেন। ১৬ সেপ্টেম্বর একজন হাকিম অভিযান চালিয়ে এসব স্থাপনা ভেঙে দেন। এর জের ধরে ২৫ নভেম্বর বিদ্যালয়ে সন্ত্রাসী হামলা চালানো হয়। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি জাহের মিয়া জানান, গিয়াস ও সাত্তারের নেতৃত্বে ওই দিন একদল সন্ত্রাসী বিদ্যালয়ের ১২ জোড়া বেঞ্চ, তিনটি টেবিল ও ব্ল্যাকবোর্ড, ছয়টি চেয়ার, কাঠের দরজা ভেঙে ফেলে এবং টিনের বেড়া খুলে নেয়। এ ঘটনায় গিয়াস উদ্দিন ও সাত্তার মিয়াসহ ১৩ জনের বিরুদ্ধে মুখ্য বিচারিক হাকিম আদালতে মামলা করা হয়। একই ঘটনায় ৬২ জনকে আসামি করে আরেকটি মামলা করা হয় সদর থানায়। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রব জানান, আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়েছে। বিদ্যালয়ে হামলার অভিযোগ বিষয়ে কোনো মন্তব্য না করে সাত্তার বলেন, বিদ্যালয়ের ১০ শতক জমির বাইরে তাঁদের পারিবারিক সম্পত্তি রয়েছে। বিদ্যালয় চালানোর ব্যাপারে তাঁর কোনো আপত্তি নেই।বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. লুৎফুর রহমান বলেন, ‘বিদ্যালয়টি ভেঙে ফেলা হলে এ গ্রামের শিশুরা শিক্ষার সুযোগ হারাবে।’ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিপন চাকমা জানান, বিদ্যালয়টি সর্বজনীন একটি প্রতিষ্ঠান। কাউকে এটি ধ্বংস করার সুযোগ দেওয়া হবে না।