বিদ্যালয় দখলের প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ
জামালপুরের বকশীগঞ্জ উপজেলার বগারচর ইউনিয়নের গোপালপুর কো-অপারেটিভ বালিকা উচ্চবিদ্যালয় দখল ও বিদ্যালয়ে শিক্ষার্থীদের ঢুকতে না দেওয়ার প্রতিবাদে গতকাল শনিবার বেলা ১১টায় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বিক্ষোভ করেছে। বিদ্যালয়ে ভাঙচুর ও মাঠ দখল করে ঘর নির্মাণের অভিযোগে গত শুক্রবার রাতে বকশীগঞ্জ থানায় একটি মামলা হয়েছে।
বিদ্যালয় ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার দিবাগত রাত একটার দিকে গোপালপুর গ্রামের আমিনুল ইসলাম শতাধিক লোক নিয়ে বিদ্যালয়ের দরজা-জানালা ভেঙে ভেতরে ঢুকে কক্ষে থাকা বেঞ্চ, চেয়ার-টেবিল, আসবাব ভাঙচুর ও কাগজপত্র তছনছ করেন। পরে রাতেই বিদ্যালয়ের মাঠ দখল করে টিন দিয়ে চারটি ঘর নির্মাণ করা হয়। এ সময় বিদ্যালয়ের চারপাশে বেড়া দিয়ে ঘিরে ফেলা হয়। এর পর থেকে বিদ্যালয়ের ভেতরে শিক্ষক ও শিক্ষার্থীদের ঢুকতে দেওয়া হচ্ছে না।
বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী রোজিনা আক্তার বলে, ‘সকাল সাড়ে নয়টায় স্কুলে এসে দেখি চারপাশে বেড়া দিয়ে ঘিরে ফেলা হয়েছে। ক্লাস করার জন্য আমরা বিদ্যালয়ে ঢুকতে চাইলে সন্ত্রাসীরা আমাদের বিদ্যালয়ে ঢুকতে দেয়নি। সন্ত্রাসী বাহিনী আমাদের হুমকি দিয়েছে, বিদ্যালয়ে ঢুকলে হাত-পা ভেঙে দেওয়া হবে।’ শিক্ষার উপযুক্ত পরিবেশ ফিরিয়ে দেওয়ার জন্য স্থানীয় প্রশাসনসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছে শিক্ষার্থীরা।
গোপালপুর কো-অপারেটিভ বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম ফারুক বলেন, ‘সকালে শিক্ষক-শিক্ষার্থীরা বিদ্যালয়ে ঢুকতে চাইলে আমিনুল ইসলামের লোক আমাদের ঢুকতে দেয়নি। সেখানেই অবস্থান নিয়ে শিক্ষার্থীরা বিদ্যালয় দখলের প্রতিবাদে বিক্ষোভ করেছে। শুক্রবার রাতে আমিনুল ইসলামসহ ২২ জনকে আসামি করে বকশীগঞ্জ থানায় একটি মামলা করা হয়েছে।’
অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে আমিনুল ইসলাম বলেন, তাঁকে বিদ্যালয় কর্তৃপক্ষ চাকরি দেওয়ার আশ্বাস দেওয়ায় তিনি বিদ্যালয়ের নামে ওই জমি লিখে দিয়েছিলেন। কিন্তু পরে চাকরি না দেওয়ায় তিনি জমি ফেরত চেয়ে আদালতে মামলা করেন। ওই মামলার রায় পেয়ে তিনি জমি দখলে নিয়েছেন।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাছিনুর রহমান বলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাদী হয়ে একটি মামলা করেছেন। মামলার পরিপ্রেক্ষিতে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।