বিদ্যালয় নদীতে, পাঠদান বাঁশতলায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নড়াইলের লোহাগড়া উপজেলার কোটাকোল ইউনিয়নের টি–করগাতী প্রাথমিক বিদ্যালয়ের ক্লাস চলছে বাঁশতলায়। গত বৃহস্পতিবার তোলা ছবি l প্রথম আলো
নড়াইলের লোহাগড়া উপজেলার কোটাকোল ইউনিয়নের টি–করগাতী প্রাথমিক বিদ্যালয়ের ক্লাস চলছে বাঁশতলায়। গত বৃহস্পতিবার তোলা ছবি l প্রথম আলো

নড়াইলের লোহাগড়া উপজেলার কোটাকোল ইউনিয়নের তেলকাড়া-করগাতি গ্রামে অবস্থিত টি-করগাতি সরকারি প্রাথমিক বিদ্যালয় মধুমতী নদীতে বিলীন হয়ে গেছে। এই বর্ষায় খোলা আকাশের নিচে বাঁশতলায় কোনো রকমে বিদ্যালয়টির কার্যক্রম চলছে। এতে পাঠদান কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

বিদ্যালয় সূত্র জানায়, ১৯৩০ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। সর্বশেষ ২০১৫ সালের জুলাই মাসে বর্ষা মৌসুমে বিদ্যালয়ের একতলা ভবনটি নদীগর্ভে বিলীন হয়। ভবনটি নদীভাঙনের কবলে পড়ায় এর আগের বছর (২০১৪ সাল) চার কক্ষের একটি টিনের ঘর সরকারি বরাদ্দে তৈরি হয়। এই টিনের ঘরটিও গত ১০ দিন আগে নদীতে চলে গেছে। সেই থেকে খোলা আকাশের নিচে বাঁশতলায় ক্লাস হচ্ছে। এ নিয়ে তিনবার বিদ্যালয়টি নদীগর্ভে গেল।

বিদ্যালয়ে বর্তমান শিক্ষার্থী ২৪৩ জন। ভাঙনের কবলে পড়ায় গত দুই বছরে প্রায় ১০০ শিক্ষার্থী কমেছে। সাতটি পদের মধ্যে কর্মরত শিক্ষক আছেন পাঁচজন। 

গত বৃহস্পতিবার সরেজমিনে দেখা গেছে, উপজেলা সদর থেকে ১৪ কিলোমিটার দক্ষিণে তেলকাড়া গ্রামে এই বিদ্যালয় অবস্থিত। নদীপাড়ে ভাঙনের কবলে এখন আছে বিদ্যালয়ের সামান্য জমি। সেখানে বাঁশঝাড়। এই বাঁশগাছের নিচে চলছে পাঠদান। সব শ্রেণির শিক্ষার্থীরা একই জায়গায় পাশাপাশি বেঞ্চে বসা। ওপরে টাঙানো হয়েছে পলিথিন।

শিক্ষকেরা জানালেন, রোদ প্রতিরোধে আশ্রয় নেওয়া হয়েছে বাঁশঝাড়ের। আর বৃষ্টি ঠেকাতে পলিথিন। এখানে স্যাঁতসেঁতে পরিবেশ। আশপাশের বাগান থেকে দুর্গন্ধ ছড়ায়। খোলা জায়গা, তাই প্রায়ই মলমূত্র পাওয়া যায়। সকালে এসে পরিষ্কার করে ক্লাস নেওয়া হয়। শৌচাগার ও নলকূপ নদীতে। এক দুর্বিষহ পরিবেশে চলে পাঠদান কার্যক্রম।

সহকারী শিক্ষক মাহমুদুল হাসান বলেন, বাঁশগাছ পুরোপুরি রোদ ঠেকায় না। বৃষ্টি জোরে হলে জড়সড় হয়ে সবাই এক জায়গায় বসে। এই পরিবেশে উপকরণও ব্যবহার করা যায় না। এভাবে পাঠদানে শিক্ষার্থীদের মনোযোগ নষ্ট হয়। এ অবস্থায় শিক্ষার প্রতি কোমলমতি শিশুদের নেতিবাচক ধারণা জন্ম নিচ্ছে। এদিকে বিদ্যালয়ে আসার কাঁচা রাস্তাটির অর্ধেক নদীতে চলে গেছে। এ ছাড়া কাদার জন্যও ওই রাস্তা দিয়ে শিক্ষক-শিক্ষার্থীদের চলাচলেও দুর্ভোগ হচ্ছে।

পঞ্চম শ্রেণির শিক্ষার্থী সালমান, ঊর্মি ও ফারহানা বলে, সামনে সমাপনী পরীক্ষা। এই পরিস্থিতিতে খুব সমস্যা হচ্ছে। বিদ্যালয়ের অভিভাবক সদস্য ইমরুল মল্লিক বলেন, এ অবস্থায় বৃষ্টির জন্য ছেলেমেয়েরা বিদ্যালয়ে যেতে চায় না। পড়াশোনার খুব ক্ষতি হচ্ছে।

প্রধান শিক্ষক মোল্লা মাহাবুবুর রহমান বলেন, ‘বিদ্যালয়ের কাগজপত্র, ফাইলপত্র, চক-ডাস্টার ইত্যাদি ব্যাগে ভরে প্রতিদিন বাড়িতে নিতে হয়। এত ছেলেমেয়ে নিয়ে এলাকার কোনো বাড়িতেও উঠতে পারছি না। শুনলাম, নদীভাঙন অব্যাহত থাকায় বিদ্যালয়ের জন্য এই এলাকায় ভবন বরাদ্দ হবে না। তাই ভাঙন ঠেকানো জরুরি।’

লোহাগড়া উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. লুৎফর রহমান বলেন, এই বিদ্যালয়ের ঘর তৈরি করতে এক লাখ টাকা বরাদ্দ হয়েছে। এলাকার লোক জমি দিলে সেখানে এই টাকায় ঘর করা হবে। ভবন বরাদ্দের ব্যাপারে অধিদপ্তরে জানানো হয়েছে।

পানি উন্নয়ন বোর্ড (পাউবো) লোহাগড়ার দায়িত্বপ্রাপ্ত উপসহকারী প্রকৌশলী আল জহির বলেন, ওই এলাকাসহ ঘাঘা, মল্লিকপুর ও শিয়রবর এলাকার ভাঙন প্রতিরোধে মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে।