বিদ্যালয় নিয়ে গার্ল গাইডসের সুনাম নষ্ট করা হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেইলি রোডের সামাজিক শিক্ষাকেন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয় নিয়ে সংবাদপত্রে যেসব সংবাদ প্রকাশ করা হয়েছে, তাতে গার্ল গাইডস অ্যাসোসিয়েশনের সুনাম ক্ষুণ্ন²হচ্ছে। বিদ্যালয় ভবনটি ঝুঁকিপূর্ণ ছিল এবং গার্ল গাইডস অ্যাসোসিয়েশন প্রাঙ্গণ থেকে বিদ্যালয়টি সরিয়ে নেওয়ার জন্য হাইকোর্টের রায় রয়েছে। তাই অবৈধভাবে দখলকৃত জমিটি দখলমুক্ত করার পদক্ষেপ নেওয়া হয়েছে।
বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশনের জাতীয় কমিশনার রেহানা ইমাম গতকাল বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি করেন। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবও দেন তিনি। রায় যদি আপনাদের পক্ষে যায়ও, মানবিক দিক থেকে স্কুলটি সরানোর সময় দেওয়া যেত কি না—এমন প্রশ্নের উত্তরে তিনি পাল্টা প্রশ্ন রেখে বলেন, ‘২০০২ সালে রায় হয়েছে, ১২ বছর ধরে কি আমরা মানবিক আচরণ করিনি?’
ছুটির মধ্যে স্কুল কর্তৃপক্ষের অনুপস্থিতিতে স্কুলটি কেন ভেঙে ফেলা হলো—এ প্রশ্ন করলে রেহানা ইমাম বলেন, এটি ভাঙা হয়নি, বরং ৯৯ শতাংশ ভাঙা ছিল। তিনি বলেন, ‘আপনাদের যে ধারণা, আমরা এটি ভেঙেছি, সেটি বিভ্রান্তিমূলক। আপনাদের কেউ কি আইউইটনেস (প্রত্যক্ষদর্শী) আছে। এটি ভাঙতে দেখেছে?’
দুপুর ১২টার দিকে বিদ্যালয় প্রাঙ্গণে গিয়ে দেখা যায়, চারপাশে ছড়িয়ে-ছিটিয়ে আছে ভাঙা ভবনের ইট, সুরকি। পাশে রাখা বেঞ্চ ও টেবিলগুলো। চারজন শিক্ষক ভেঙে দেওয়া ভবনের পাশে বসে আছেন। বিদ্যালয়ের অফিস ভবনটি সিলগালা করে দেওয়া।