বিদ্যালয় পদ্মায়, শিশুরা গাছতলায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শরীয়তপুরের নড়িয়া উপজেলার চরনড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়টি পদ্মা নদীতে ধসে পড়েছে। তিন কিলোমিটার দূরে একটি বাড়ির উঠানে (ইনসেটে) গাছতলায় শিশুদের পাঠদান করা হচ্ছে। গত মঙ্গলবার দুপুরে তোলা ছবি l প্রথম আলো
শরীয়তপুরের নড়িয়া উপজেলার চরনড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়টি পদ্মা নদীতে ধসে পড়েছে। তিন কিলোমিটার দূরে একটি বাড়ির উঠানে (ইনসেটে) গাছতলায় শিশুদের পাঠদান করা হচ্ছে। গত মঙ্গলবার দুপুরে তোলা ছবি l প্রথম আলো

শরীয়তপুরের নড়িয়া উপজেলার চরনড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়টি পদ্মা নদীতে বিলীন হয়েছে। গত মঙ্গলবার সকালে বিদ্যালয়ের একতলা পাকা ভবনটি নদীতে ধসে পড়ে। বিদ্যালয় নদীগর্ভে বিলীন হয়ে যাওয়ায় শিশু শিক্ষার্থীদের একটি বাড়ির উঠানে গাছতলায় পাঠদান করানো হচ্ছে।
এ নিয়ে দুই মাসে পদ্মার ভাঙনে শরীয়তপুরে সাতটি প্রাথমিক বিদ্যালয় ও একটি উচ্চবিদ্যালয় নদীগর্ভে বিলীন হলো।
বিদ্যালয় সূত্র জানায়, নড়িয়া উপজেলার কেদারপুর ইউনিয়নে চরনড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়টি ১৯৭২ সালে স্থাপন করা হয়েছে। টিনের ঘরের মধ্যে পাঠদান কার্যক্রম চালানো হতো। ২০১০ সালে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর থেকে একটি পাকা ভবন নির্মাণ করে দেওয়া হয়। এ বছর আগস্ট মাস থেকে ওই এলাকায় পদ্মার ভাঙন শুরু হয়। বিদ্যালয়ের আশপাশের জায়গা ভাঙতে ভাঙতে গত রোববার থেকে বিদ্যালয়ের ভবনে ফাটল দেখা দেয়। মঙ্গলবার সকালে ভবনের কিছু অংশ নদীতে ধসে পড়ে।
বিদ্যালয়টি ভাঙনের হুমকিতে পড়ায় ১৫ দিন আগে থেকে শিক্ষার্থীদের অন্যত্র সরিয়ে নেওয়া হয়। বিদ্যালয় থেকে ৩ কিলোমিটার দূরে নড়িয়া পৌরসভার শুভ গ্রামে আজিজুল হক মোল্লার বাড়ির উঠানে গাছতলায় শিক্ষার্থীদের পাঠদান করানো হচ্ছে।
বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী আসলাম মুনশি ও দুলাল মাঝি বলে, ‘সামনে আমাদের সমাপনী পরীক্ষা, এখন পড়ালেখার প্রচুর চাপ। এমন সময় বিদ্যালয় নদীতে বিলীন হওয়ায় আমাদের পড়ালেখার অসুবিধা হচ্ছে। কিছুতেই বিদ্যালয়ের ভাঙার দৃশ্য ভুলতে পারছি না।’
মঙ্গলবার দুপুরে সরেজমিনে দেখা যায়, বিদ্যালয়ের একটি পাকা ও একটি টিনের ভবন। পাকা ভবনটির অধিকাংশ অংশ নদীতে ধসে পড়েছে। টিনের ভবনের নিচের মাটি সরে পানি প্রবেশ করেছে। বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকেরা টিনের ভবনের আসবাবপত্র সরিয়ে নিচ্ছেন।
বিদ্যালয় থেকে ৩ কিলোমিটার দূরে নড়িয়া পৌরসভার শুভ গ্রামে আজিজুল হক মোল্লার বাড়ি গিয়ে দেখা যায়, উঠানে গাছতলায় শিক্ষার্থীদের পাঠদান করানো হচ্ছে। শিক্ষার্থীরা ছালার চটের ওপর বসে আছে। সব শিক্ষার্থীকে একসঙ্গে পড়ানো হচ্ছে। বিদ্যালয়ে ৭২ জন শিক্ষার্থী এসেছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমা আক্তার বলেন, ‘চার বছর আগে বিদ্যালয় থেকে নদী ৫০০ মিটার দূরে ছিল। চোখের সামনে বিদ্যালয়টি পদ্মা নদীতে ধসে পড়ল। কোথাও জায়গা না পেয়ে শিশুদের একটি বাড়ির উঠানে গাছতলায় পাঠদান করাচ্ছি।’
শরীয়তপুর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, ‘পদ্মার ভাঙনে বিদ্যালয় ভবন বিলীন হওয়ায় পাঠদান কার্যক্রম কিছুটা বিঘ্ন হচ্ছে। ক্ষতিগ্রস্ত বিদ্যালয়গুলোর পাঠদান কার্যক্রম স্বাভাবিক রাখতে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। চরনড়িয়া বিদ্যালয়ের জন্য একটি ঘর নির্মাণের চেষ্টা চালাচ্ছি।’