
বগুড়ার ১২টি পৌরসভার মধ্যে ১৩৯ বছরে পুরোনো শেরপুর পৌরসভায় সাক্ষরতার হার সবচেয়ে বেশি। প্রাচীন আর শিক্ষায় এগিয়ে থাকা এই পৌরসভায় এবারের নির্বাচনে সংরক্ষিত নারী ও সাধারণ কাউন্সিলর পদে ৪৪ প্রার্থীর ২০ জনই মাধ্যমিক স্কুলের গণ্ডি পার হতে পারেননি। তবে চার মেয়র প্রার্থীর মধ্যে তিনজনই স্নাতক।
পৌরবাসী মনে করেন, রাজনীতিতে শিক্ষিত ব্যক্তিদের সম্পৃক্ততা কমে গেছে। এ জন্যই কাউন্সিলর প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার এই দশা। এর ফলে জনপ্রতিনিধিদের গুণগত মানও কমছে।
উপজেলা নির্বাচন কার্যালয়ের তথ্য অনুযায়ী, এবারে শেরপুর পৌরসভা নির্বাচনে মেয়র, সংরক্ষিত ও সাধারণ কাউন্সিলর পদে ৫৪ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। মনোনয়নপত্র যাচাই-বাছাই ও প্রত্যাহার শেষে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন এখন ৪৮ জন।
প্রার্থীদের জমা দেওয়া হলফনামা ঘেঁটে দেখা গেছে, মেয়র পদে যে চারজন প্রতিদ্বন্দ্বিতায় আছেন, তাঁদের মধ্যে একজন প্রার্থী রাষ্ট্রবিজ্ঞানে অনার্সসহ মাস্টার্স পাস, দুজন স্নাতক ও একজন এইচএসসি পাস।
নারীদের সংরক্ষিত ওয়ার্ডগুলোতে প্রার্থীর সংখ্যা ১০। এর মধ্যে সাতজনই মাধ্যমিক স্কুল অতিক্রম করতে পারেননি। সাতজনের একজন অক্ষরজ্ঞানসম্পন্ন, একজন পঞ্চম শ্রেণি, পাঁচজন অষ্টম শ্রেণি পর্যন্ত লেখাপড়া করেছেন। দুই প্রার্থী এসএসসি ও একজন এইচএসসি পাস।
অন্যদিকে, নয়টি ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর পদে ৩৪ জন প্রার্থীর মধ্যে অক্ষরজ্ঞানসম্পন্ন তিনজন, পঞ্চম শ্রেণি পাস চারজন, অষ্টম শ্রেণি ছয়জন ও নবম শ্রেণি পর্যন্ত পড়েছেন একজন প্রার্থী। প্রার্থীদের মধ্যে এসএসসি ছয়জন, এইচএসসি সাতজন ও স্নাতক পাস প্রার্থী সাতজন। শেরপুর প্রথম শ্রেণির পৌরসভা। ২০০১ সালের আদমশুমারি অনুযায়ী এ পৌরসভায় সাক্ষরতার হার ছিল ৬৬ দশমিক ৭১ শতাংশ। ২০১১ সালে তা বেড়ে দাঁড়ায় ৭৪ দশমিক ৫ শতাংশে। এই হার জেলার অন্যান্য পৌরসভা তো বটেই, বগুড়া সদর পৌরসভার চেয়েও বেশি। ২০১১ সালে বগুড়া পৌরসভার সাক্ষরতার হার ৭২ দশমিক ২ শতাংশ।
শেরপুর পৌরসভার চেয়ারম্যান বা কমিশনার পদে আগে যাঁরা প্রার্থী হতেন, তাঁদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে পৌরবাসীর অনেকেই গর্ব করেন। এলাকার কয়েকজন প্রবীণের সঙ্গে কথা বললে অতীতের সেসব প্রসঙ্গ তুলে ধরেন তাঁরা। গত শতকের চল্লিশের দশকে চেয়ারম্যান ছিলেন চিকিৎসক ধীরেন্দ্রনাথ সাহা। এরপর দুবার চেয়ারম্যান নির্বাচিত হন যামিনী মোহন কুণ্ডু। তিনি ছিলেন বগুড়া জেলার দ্বিতীয় এমবিবিএস চিকিৎসক। সে সময় কমিশনার পদেও ছিলেন মফিজউদ্দিন ও ডা. আজিজুল হকের মতো ব্যক্তিরা। সাবেক চেয়ারম্যান ধীরেন্দ্রনাথ সাহার ছেলে পৌরসভার সাবেক ভাইস চেয়ারম্যান রথীন্দ্রনাথ সাহা গতকাল মঙ্গলবার প্রথম আলোকে বলেন, তখনকার দিনে প্রার্থীদের শিক্ষার মান যথেষ্ট ভালো ছিল বলা যায়। এখন শিক্ষার অনেক প্রসার ঘটেছে, তবে সে তুলনায় প্রার্থীদের শিক্ষার মান বাড়েনি।
শহরের বাসস্ট্যান্ড এলাকার ওষুধ ব্যবসায়ী মো. রাজু বলেন, রাজনীতিতে শিক্ষিত ছেলেমেয়েরা আর আসছেন না। এ কারণেই কম শিক্ষিত ব্যক্তিরাই প্রার্থী হয়ে চলেছেন।
উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্যসচিব পিয়ার হোসেন বলেন, নির্বাচনে শিক্ষিত ব্যক্তিদের বিমুখতার জন্যই কম শিক্ষিত ব্যক্তিরা জনপ্রতিনিধি হচ্ছেন।