বিদ্যালয় বন্ধ করে প্রতিমন্ত্রীকে সংবর্ধনা: শিক্ষা কর্মকর্তাকে বদলি
খুলনার ডুমুরিয়া উপজেলার ২১০টি সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্ধ রেখে মত্স্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দকে সংবর্ধনা দেওয়ায় উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, আজ মঙ্গলবার সকালে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক এস এম মেসবাহউল ইসলাম স্বাক্ষরিত এক ই-মেইল বার্তায় জানানো হয়, ডুমুরিয়া উপজেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সুমন্ত কুমার পোদ্দারকে খুলনা বিভাগীয় শিক্ষা অফিসে বদলি করা হয়েছে। ওই একই দপ্তর থেকে অপর একটি পত্রে সহকারী শিক্ষা কর্মকর্তা রেক্সোনা আক্তারকে প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা দিয়ে উপজেলা শিক্ষা অফিসারের দায়িত্ব দেওয়া হয়েছে।
গত শনিবার উপজেলা পরিষদ চত্বরে বেলা ১১টার দিকে এ সংবর্ধনা দেওয়া হয়। এ সময় প্রতিমন্ত্রীর হাতে সাড়ে ছয় ভরি ওজনের রুপার নৌকা তুলে দেন শিক্ষকেরা। ডুমুরিয়া উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ের সমন্বয়ে উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি ও প্রতিমন্ত্রীর কয়েকজন আস্থাভাজন শিক্ষকনেতার উদ্যোগে ওই সংবর্ধনার আয়োজন করা হয়। অনুষ্ঠান সফল করতে উপজেলার ২১০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম বন্ধ করে শিক্ষকদের সেখানে যেতে বলা হয়। প্রতিমন্ত্রীর সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষকদের উপস্থিতি নিশ্চিত করার জন্য স্বাক্ষরও নেওয়া হয়। বিদ্যালয় বন্ধ রেখে প্রতিমন্ত্রীকে সংবর্ধনা দেওয়ায় উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বদলি করা হয়।
শিক্ষা কর্মকর্তার বদলির আদেশ শোনার পর সন্তোষ প্রকাশ করেছেন ডুমুরিয়া উপজেলার অনেক শিক্ষক। নাম প্রকাশ না করে শোভনা ও উত্তর ডুমুরিয়া এলাকার দুজন প্রধান শিক্ষক প্রথম আলোকে বলেন, ‘অনেক দিন ধরে যন্ত্রণার মধ্যে ছিলাম। শিক্ষা অফিস বিশেষ একটা গোষ্ঠীর কাছে জিম্মি ছিল।’
উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক রবিউল ইসলামের কাছে প্রতিক্রিয়া জানতে চাইলে কোনো মন্তব্য করতে চাননি তিনি। এ প্রসঙ্গে বদলি হওয়া শিক্ষা কর্মকর্তা সুমন্ত কুমার পোদ্দার প্রথম আলোকে বলেন, ‘এটা প্রশাসনিক কারণে বদলি করা হয়েছে।’ উপজেলার চেয়ারম্যান খান আলী মুনসুর বলেন, ‘ওই ঘটনায় শিক্ষা কর্মকর্তার শুধু বদলি না, শাস্তি হওয়া উচিত ছিল।’