বিদ্যালয় বন্ধ করে সাংসদকে অভ্যর্থনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান সাংসদ বীর বাহাদুরকে স্বাগত জানাতে গত বৃহস্পতিবার বান্দরবানের সদর উপজেলার সুয়ালক ইউনিয়নের ভাগ্যকুল ও কদুর খোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্ধ করে সকাল থেকে ছাত্রছাত্রীদের সারিতে দাঁড় করিয়ে রাখা হয়। নবনির্মিত ভাগ্যকুল নিম্নমাধ্যমিক বিদ্যালয় উদ্বোধন করার জন্য বীর বাহাদুর সেখানে যান।ভাগ্যকুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুল্লাহ বাহার বলেন, ‘উপজেলা চেয়ারম্যান আমাদের বলে দিয়েছেন, মন্ত্রীকে সংবর্ধনা দিতে বিদ্যালয় বন্ধ করে ছাত্রছাত্রীদের নিয়ে যেতে হবে। এ জন্য আমরা ছেলেমেয়েদের লাইনে দাঁড় করিয়েছি।’তৃতীয় শ্রেণীর ছাত্রী শারমিন বলে, ‘মন্ত্রী তাড়াতাড়ি এলে ভালো হতো। আমরা অনেকক্ষণ ধরে তার জন্য দাঁড়িয়ে আছি।’ কদুর খোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে আসা শিক্ষার্থী মো. বিয়াজ উদ্দিন ও আবদুল কুদ্দুস জানায়, তিন কিলোমিটার তারা রাস্তা হেঁটে এসেছে। বিদ্যালয় বন্ধ করে তাদের সঙ্গে শিক্ষকেরাও এসেছেন।এ ব্যাপারে বান্দরবান সদর উপজেলার ভারপ্রাপ্ত উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. কামাল হোসেন বলেন, বিদ্যালয় বন্ধ করে শিক্ষার্থীদের কোনো শোভাযাত্রা, সংবর্ধনার কাজে নেওয়ার নিয়ম নেই। তবে এটি যেহেতু বিদ্যালয়ের উদ্বোধন, সেহেতু নিয়ে যাওয়া যেতে পারে।