বিদ্যালয় ভবন এক যুগেই পরিত্যক্ত, নির্মাণকাজের নথি কেটেছে পোকায়!
টাঙ্গাইলের সখীপুরের বড়চওনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দোতলা ভবনটিকে নির্মাণের এক যুগ পরেই পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। এতে ওই বিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশের বিদ্যালয়ে ক্লাস করতে হচ্ছে। তিন মাস ধরে তারা এভাবে দৌড়ঝাঁপ করে ক্লাস করতে গিয়ে ভোগান্তির শিকার হচ্ছে।
বিদ্যালয়ের শিক্ষকেরা অভিযোগ করেন, ঠিকাদারেরা নিম্নমানের সামগ্রী দিয়ে ভবন নির্মাণ করায় ভবনটি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। অথচ তাঁদের এই গাফিলতির মাশুল দিতে হচ্ছে কোমলমতি শিক্ষার্থীদের।
উপজেলা প্রকৌশলী মানস মণ্ডল বলেন, প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষার পর ভবনটিকে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। ঠিকাদারি প্রতিষ্ঠান সালমা এন্টারপ্রাইজের নির্মাণকাজের নথিটি উইপোকায় কেটে নষ্ট করে ফেলায় সঠিক তথ্য পাওয়া যায়নি। ফলে তদন্তে কাউকেই সঠিকভাবে দায়ী করা সম্ভব হয়নি।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, ১৯৩৩ সালে বড়চওনা গ্রামে বিদ্যালয়টি প্রতিষ্ঠা করা হয়। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অধীনে ১৯৯৮-৯৯ অর্থবছরে ওই বিদ্যালয়ের নিচতলার নির্মাণকাজ করে মেসার্স সালমা এন্টারপ্রাইজ নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। ২০০৩-০৪ অর্থবছরে দোতলার কাজ করে আরশ এন্টারপ্রাইজ নামের অপর একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। সব মিলিয়ে এখানে ছয়টি কক্ষ ছিল। এখানে ১০ জন শিক্ষক ও ৪৯০ জন শিক্ষার্থী আছে।
বিদ্যালয় সূত্রে আরও জানা গেছে, গত ২১ এপ্রিল বিদ্যালয়ের ভবনটি হঠাৎ কেঁপে ওঠে। ভবন থেকে শিক্ষক ও শিক্ষার্থীরা নেমে মাঠে চলে যায়। পরে দেখা যায় ভবনের বিমে ফাটল ধরেছে। বিষয়টি তাৎক্ষণিকভাবে জানালে উপজেলা প্রকৌশলীর পরামর্শে উপজেলা নির্বাহী কর্মকর্তা ওই ভবনটি সিলগালা করে দেন। বিমে ফাটলের কারণ জানতে গত ২৪ এপ্রিল একটি তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটি ভবনের নির্মাণসামগ্রী পরীক্ষা-নিরীক্ষা করে ভবনটি পরিত্যক্ত ঘোষণা করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন জমা দেয়। প্রতিবেদনে ভবনটি অত্যন্ত নিম্নমানের ইট, বালু, রড ও সিমেন্ট দিয়ে নির্মাণ করা হয়েছে বলে উল্লেখ করা হয়।
এলজিইডির সখীপুর উপজেলা প্রকৌশলীর কার্যালয় সূত্রে জানা গেছে, ভবনের নিচের ভিত খুবই দুর্বল। অল্প গভীরতায় ভিত্তি স্থাপন করা হয়েছে। পাকা ভবন নির্মাণের আগে মাটির গুণগত মানও পরীক্ষা করা হয়নি। প্রধান শিক্ষক এস এম আতিকুর রহমান বলেন, ‘ভুল অন্যের, খেসারত দিতে হচ্ছে আমাদের। এখন স্থানীয় লোকজনের উদ্যোগে একটি টিনের ঘর নির্মাণ করা হয়েছে। সেখানে কিছু শিক্ষার্থীর পাঠদানের ব্যবস্থা করা হয়েছে।’
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, সংশ্লিষ্ট বিভাগে ওই বিদ্যালয়ের জন্য নতুন ভবন চেয়ে আবেদন করা হয়েছে।
ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স সালমা এন্টারপ্রাইজের মালিক কাজী আজমত বছর খানেক আগে মারা গেছেন। তাঁর ছেলে কাজী মাহবুব বলেন, ‘ভবন নির্মাণের কাজটি করেছিলেন আমার বাবা। নির্মাণকাজে কোনো দোষ ছিল কি না, তা আমার জানা নেই।’ আরশ এন্টারপ্রাইজের মালিক রফিকুল ইসলাম দাবি করেন, ভবনের দোতলার নির্মাণকাজে কোনো ভুল নেই। ভবনের ফাউন্ডেশন দুর্বল থাকায় বিমে ফাটল ধরতে পারে।