বিদ্যালয় ভবন ঝুঁকিতে তোলা হচ্ছে বালু
রংপুরের পীরগাছা উপজেলার চর ছাওলা কামারের হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবনের পাশ থেকে খননযন্ত্র দিয়ে ভূগর্ভস্থ বালু তোলা হচ্ছে। ফলে বিদ্যালয় ভবনটি হুমকির মুখে পড়েছে। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে বিদ্যালয় কর্তৃপক্ষ লিখিত অভিযোগ দিলেও বালু উত্তোলন বন্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
এলাকাবাসী জানান, ছাওলা ইউনিয়নের চর ছাওলা গ্রামের বালু ব্যবসায়ী জয়নাল আবেদীন এক সপ্তাহ ধরে তাম্বুলপুর ইউনিয়নের কাছে অবস্থিত ওই বিদ্যালয়ের ভবনের পাশ থেকে যন্ত্র বসিয়ে অবৈধভাবে ভূগর্ভস্থ বালু উত্তোলন করে বিক্রি করছেন।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শরফ উদ্দিন প্রামাণিক বলেন, ভবনটি রক্ষায় ১৪ নভেম্বর বালু উত্তোলন বন্ধের জন্য ইউএনওর কাছে অভিযোগ করা হয়েছে। কিন্তু বালু উত্তোলন বন্ধ হয়নি।
১৬ নভেম্বর সরেজমিনে দেখা গেছে, বিদ্যালয় ভবন থেকে মাত্র ১০-১২ হাত দূরে শ্যালো ইঞ্জিনচালিত যন্ত্র বসিয়ে ভূগর্ভস্থ বালু উত্তোলন করছেন জয়নাল আবেদীন। বালু উত্তোলনের ফলে ওই জায়গায় গভীর খাদের সৃষ্টি হয়েছে। এ সময় পাশে দাঁড়িয়ে ছিলেন ওই যন্ত্রের মালিক মন্টু মিয়া। তিনি বলেন, ‘আমার শ্যালো যন্ত্রটি জয়নাল ভাই ভাড়ায় নিয়েছেন। তিনি প্রতিদিনের ভাড়া হিসেবে আমাকে এক হাজার টাকা দেন।’
মোসলেম উদ্দিন, কাদের আলীসহ কয়েকজন এলাকাবাসী বলেন, এভাবে ভবনের পাশ থেকে বালু উত্তোলন করায় বিদ্যালয় ভবনটি হুমকির মুখে পড়েছে।
জানতে চাইলে জয়নাল আবেদীন বলেন, ‘আমি নিজের জমি থেকে বালু তুলছি। এতে কারও কিছু করার নেই।’ বালু উত্তোলনের ব্যাপারে কোনো অনুমতি নেওয়া হয়েছে কি না—জানতে চাইলে তিনি বলেন, ‘এটা আমার পৈতৃক সম্পত্তি। এতে আবার অনুমতির কি প্রয়োজন?’
তাম্বুলপুর ইউনিয়ন ভূমি কার্যালয়ের সহকারী কর্মকর্তা রাশেদুন্নবী বলেন, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর নীতিমালা অনুযায়ী কেউ অনুমতি ছাড়া মাটি খুঁড়ে বালু উত্তোলন করতে পারেন না। তিনি বলেন, চর ছাওলায় বালু উত্তোলনের জন্য কাউকে কোনো অনুমতি দেওয়া হয়নি।
অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে পীরগাছার ইউএনও আলিয়া ফেরদৌস জাহান বলেন, বালু উত্তোলন বন্ধের জন্য তাম্বুলপুর ইউনিয়ন ভূমি কার্যালয়ের সহকারী কর্মকর্তা রাশেদুন্নবীকে পাঠানো হয়েছে। রাশেদুন্নবী বলেন, তিনি গিয়ে নিষেধ করে এলেও ওই ব্যবসায়ী বালু উত্তোলন অব্যাহত রেখেছেন।