বিদ্যালয় ভবন ঝুঁকিপূর্ণ
গাইবান্ধার ত্রিমোহিনী সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনে ফাটল দেখা দিয়েছে। ফলে সম্ভাব্য দুর্ঘটনার ভয়ে বিদ্যালয় মাঠে পরীক্ষা নেওয়া হচ্ছে। রংপুরের তারাগঞ্জ উপজেলা সয়ার ধোলাইঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দেয়াল ও ছাদে ফাটল দেখা দেওয়ায় ঝুঁকি নিয়ে চলছে পাঠদান।গাইবান্ধা সদর উপজেলার বাদিয়াখালী ইউনিয়নে অবস্থিত ত্রিমোহিনী সরকারি প্রাথমিক বিদ্যালয়টি ১৯৭৩ সালে স্থাপিত হয়। তখন পাঁচ কক্ষের আধা পাকা ভবন নির্মাণ করা হয়। কিন্তু ভবনটি সংস্কার না করায় ভবনের চারদিকে দরজা-জানালার ওপরের অংশে ফাটল ধরেছে। গত ২৭ এপ্রিলের ঝড়-বাতাসে ফাটল বিরাট আকার ধারণ করে।বিদ্যালয়টির প্রধান শিক্ষক শরিফুন নেছা জানান, শিক্ষার্থীরা যাতে দুর্ঘটনায় না পড়ে, সে জন্য ২ মে থেকে মাঠে পরীক্ষা নেওয়া হচ্ছে। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শামসুল আলম জানান, ভবনে ফাটল দেখা দেওয়ায় অভিভাবকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। যে কারণে মাঠে পাঠদানসহ প্রথম সাময়িক পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়।গাইবান্ধা সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবদুল জোব্বার জানান, বিষয়টি উপজেলা প্রশাসনকে জানানো হলে উপজেলা প্রকৌশলী মোহাম্মদ আবুল মুনছুর বিদ্যালয় পরিদর্শন করেন। তিনি ভবনটি ব্যবহার না করার পরামর্শ দেন। এ ব্যাপারে মোহাম্মদ আবুল মুনছুর জানান, ওই বিদ্যালয়ে নতুন ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হবে।রংপুরের তারাগঞ্জ উপজেলার সয়ার ধোলাইঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তিন কক্ষের ভবন নির্মাণ করা হয় ১৯৯৪ সালে। ভবনের কক্ষগুলোর ছাদ ও বিম থেকে পলেস্তারা খসে পড়েছে। দেয়ালে দেখা দিয়েছে বড় বড় ফাটল, ভেঙে পড়েছে দরজা-জালানা। সহকারী শিক্ষক রমনাথ রায় বলেন, ‘ছাত্রছাত্রীর কথা কী বলব, আমাদেরই শ্রেণীকক্ষে বসতে ভয় লাগে। ঝড়বৃষ্টি এলে পাঠদান বন্ধ রেখে শিক্ষার্থীদের কক্ষ থেকে বের করে নিরাপদ স্থানে নিয়ে যাই।’ প্রধান শিক্ষক নুরুন্নাহার বেগম জানান, বিষয়টি উপজেলা প্রকৌশলী ও উপজেলা শিক্ষা কর্মকর্তাকে জানানো হয়েছে।উপজেলা প্রকৌশলী শফিউর রহমান জানান, বিষয়টি তাঁর জানা আছে। বরাদ্দ পেলে ওই ভবনটি ভেঙে নতুন ভবন নির্মাণ করা হবে।