বিদ্যালয় ভবন থেকে পুলিশ ফাঁড়ি সরিয়ে নেওয়া হলো
চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানাধীন উত্তর কাট্টলী পেয়ারী মোহন সেন সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পুলিশ ফাঁড়ি সরিয়ে নেওয়া হয়েছে। গত রোববার থেকে ফাঁড়ি গুটিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরু হয় এবং সোমবার পুরোপুরিভাবে তা সরিয়ে নেওয়া হয়েছে।
গত শনিবার প্রথম আলোর শেষের পৃষ্ঠায় ‘চট্টগ্রামের পেয়ারী মোহন সেন প্রাথমিক বিদ্যালয়: শ্রেণিকক্ষে পুলিশ ফাঁড়ি’ শীর্ষক সচিত্র প্রতিবেদন ছাপা হয়। এতে বলা হয়, ২০০৫ সালের দিকে বিদ্যালয়ের দ্বিতীয় ও তৃতীয় তলার দখল নিয়ে গড়ে তোলা হয় পুলিশ ফাঁড়ি। এর পর থেকে দ্বিতীয় তলায় চলতে থাকে ফাঁড়ির দাপ্তরিক কাজ। আর তৃতীয় তলা ফাঁড়িতে নিয়োজিত পুলিশ সদস্যদের আবাসন হিসেবে ব্যবহৃত হতে থাকে।
চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার বনজ কুমার মজুমদার প্রথম আলোকে বলেন, ‘শিক্ষার্থীদের পড়াশোনার সুষ্ঠু পরিবেশের স্বার্থে স্কুল ভবন থেকে পুলিশ ফাঁড়ি সরিয়ে পাহাড়তলী থানায় স্থানান্তর করা হয়েছে।’
গতকাল মঙ্গলবার সকালে পেয়ারী মোহন সেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, বিদ্যালয়ের সামনে ফাঁড়ির কোনো নামফলক নেই। নেই কোনো বাড়তি কোলাহল। নিরিবিলি পরিবেশে চলছে বিদ্যালয়ের কার্যক্রম। দ্বিতীয় তলায় চলছে চতুর্থ শ্রেণির শিক্ষার্থীদের পাঠদান। তৃতীয় তলায় শ্রেণিকক্ষের জন্য চেয়ার-টেবিল গুছিয়ে রাখা হয়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিউটি দাশ প্রথম আলোকে বলেন, দ্বিতীয় তলার কয়েকটি কক্ষ আমরা পাঠদানের উপযোগী করেছি। তৃতীয় তলায় বেশ কিছু সংস্কারের প্রয়োজন আছে। সব কাজ শেষ হলে আমরা দ্বিতীয় ও তৃতীয় তলার কক্ষগুলো পুনর্বিন্যাস করব। পাঠদানকক্ষের পাশাপাশি স্কুলের ছেলেমেয়েদের জন্য একটি লাইব্রেরি গড়ে তুলব।’