বিদ্যালয় ভবন নদীতে, হুমকিতে সহস্রাধিক বাড়ি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিশোরগঞ্জের হোসেনপুরে ব্রহ্মপুত্রের ভাঙনে সাহেবেরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন নদীতে চলে গেছে। গত বুধবার দুপুরে তোলা ছবি l প্রথম আলো
কিশোরগঞ্জের হোসেনপুরে ব্রহ্মপুত্রের ভাঙনে সাহেবেরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন নদীতে চলে গেছে। গত বুধবার দুপুরে তোলা ছবি l প্রথম আলো

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার সাহেবের চর গ্রামের একমাত্র সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনটি গত মঙ্গলবার ব্রহ্মপুত্র নদের গর্ভে বিলীন হয়ে গেছে। এখন গ্রামটির সহস্রাধিক পরিবার ভাঙনের হুমকির মুখে রয়েছে।

বিদ্যালয়টির নাম সাহেবের চর সরকারি প্রাথমিক বিদ্যালয়। এটির প্রধান শিক্ষক সুমন রঞ্জন সরকার বলেন, ‘সোমবার শিক্ষার্থীদের পাঠদান শেষে ছুটি দেওয়া হয়। সমস্ত আসবাব বিদ্যালয় ভবনের ভেতরেই ছিল। এর পরের দিন এসে দেখি ভবন ভেঙে নদীতে চলে গেছে।’

বিদ্যালয় সূত্রে জানা যায়, ১৯৩৭ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। বর্তমান স্থান থেকে বিদ্যালয়ের পুরাতন ভবনটি আরও ১০০ গজ দূরেছিল। ২০০৮ সালে সেটি নদের গর্ভে চলে যায়। এরপর থেকে বর্তমান জায়গায় একতলাবিশিষ্ট বিদ্যালয়ের নতুন ভবনে শিক্ষার্থীদেরপাঠদান চলছিল। কিন্তু গত মঙ্গলবার এ ভবনটিও নদীতে বিলীন হয়ে গেল। বিদ্যালয়টি চরাঞ্চলের একমাত্র শিক্ষাপ্রতিষ্ঠান হওয়ায় এখানে ২২৭ জন শিক্ষার্থী রয়েছে। উপস্থিতিও বেশ ভালো।

গত বুধবার সরেজমিনে দেখা যায়, খোলা আকাশের নিচে মাঠে চট বিছিয়ে পাঠদান চলছে। মাঠেরও প্রায় অর্ধেক অংশ ভাঙনে বিলীন হয়ে গেছে।

এ সময় দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী আল মামুন, চতুর্থ শ্রেণির ফরহাদ হোসেন, পঞ্চম শ্রেণির শারমিনসহ কয়েকজন শিক্ষার্থী কান্নাজড়িত কণ্ঠে বলে, সোমবার স্কুল করে পরদিন এসে তারা দেখে, ভবনটি ভেঙে নদীতে পড়ে আছে। কিছুদিন পরই তাদের পরীক্ষা। এখন তারা কোথায় যাবে?

এদিকে নদের ভাঙনে প্রতিদিনই ঘরবাড়ি, ফসলি জমি ও বাঁশঝাড় নদীগর্ভে চলে যাচ্ছে। মাজার, কবরস্থান, মসজিদসহ আরও সহস্রাধিক বাড়িঘর ভাঙনের মুখে রয়েছে।

স্থানীয় লোকজন বলেন, গ্রামের লোকজনের কাছে ব্রহ্মপুত্র এখন আতঙ্কের নাম। ভাঙনে এক সময়ের বিশাল গ্রাম সাহেবের চর এখন এক ছোট জনপদে পরিণত হয়েছে। গত ১৫ বছরে এখানকার বহু লোক পৈতৃক ভিটা হারিয়ে গ্রামছাড়া হয়েছেন। যাঁরা গ্রামে রয়েছেন ঝুঁকি ও আতঙ্ক তাঁদের নিত্যসঙ্গী। দুই সপ্তাহ ধরে নতুন করে ভাঙন দেখা দিয়েছে। এ অবস্থা চলতে থাকলে কিছুদিনের মধ্যে গ্রামটি দুই ভাগ হয়ে যেতে পারে।

গ্রামটির মোক্তার উদ্দিন, আমেনা আক্তার, নজরুল ইসলামসহ কয়েকজন বাসিন্দা বলেন, একসময় গ্রাম থেকে ২ কিলোমিটার দূরে থাকা নদটি ধীরে ধীরে গ্রামের ভেতরে ঢুকে পড়েছে।

এ বিষয়ে উপজেলা চেয়ারম্যান মো. জহিরুল ইসলাম বলেন, ইতিমধ্যে ওই গ্রামের ৩২টি পরিবারকে নতুন জায়গায় ঘর তৈরির জন্য ৩ হাজার করে টাকা দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে আরও এক শ ক্ষতিগ্রস্ত ব্যক্তিকে সহায়তা দেওয়া হবে। বিদ্যালয়টির জন্য ২০ বান্ডিল টিন বরাদ্দ হয়েছে।