বিদ্যালয় ভবন পদ্মায় বিলীন

শরীয়তপুরের জাজিরা উপজেলার আলহাজ ইসমাইল মেমোরিয়াল উচ্চবিদ্যালয়ের পাকা ভবন পদ্মা নদীতে বিলীন হয়ে গেছে। এ কারণে গতকাল বুধবার বিদ্যালয়ের পাঠদান বন্ধ ছিল।
উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপক কুমার দত্ত প্রথম আলোকে বলেন, গত মঙ্গলবারও ভবনটিতে দাপ্তরিক কাজ করেন তিনি। কিন্তু সকালে গিয়ে দেখেন সেটি নদীতে বিলীন হয়ে গেছে। বিদ্যালয় থেকে একটু দূরে নড়িয়া উপজেলার ঈশ্বরকাঠি গ্রামের একটি ফসলি জমি ভাড়া নেওয়া হয়েছে। সেখানে অস্থায়ীভাবে বিদ্যালয়ের কার্যক্রম চালু করা হবে।
স্থানীয় সূত্র জানায়, বন্যার পর গত মাসের প্রথম সপ্তাহ থেকে শরীয়তপুরে পদ্মার ভাঙন তীব্র আকার ধারণ করে। কয়েক দফায় ভাঙনে জাজিরার কুন্ডেরচর ইউনিয়নের কলমিরচর গ্রামটি ৯০ শতাংশ নদীতে বিলীন হয়ে গেছে। কলমিরচর গ্রামে ১৯৯৫ সালে ওই উচ্চবিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়। বিদ্যালয়ে ৪৫০ শিক্ষার্থী রয়েছে। এর আগে একটি টিনের ঘরে পাঠদান করা হতো। গত বছর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের প্রকৌশল বিভাগ ৬৫ লাখ টাকা ব্যয় করে একতলা ভবন নির্মাণ করে। গত ফেব্রুয়ারিতে ভবনটিতে পাঠদান শুরু হয়।
এদিকে ওই বিদ্যালয়ের পাশেই রয়েছে কুন্ডেরচর হাসেম আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়। এর পাকা ভবনটিও যেকোনো সময় নদীতে বিলীন হয়ে যেতে পারে। এ ছাড়া গত মাসে কলমিরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়টি পদ্মার পেটে গেছে। ওই বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম চালানো হতো উচ্চবিদ্যালয়ের মাঠে।
জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নলিনী রঞ্জন রায় বলেন, উচ্চবিদ্যালয়ের জন্য অস্থায়ীভাবে একটি জায়গা ভাড়া নেওয়া হয়েছে। দ্রুত সেখানে স্থাপনা নির্মাণ করা হবে।