বিদ্যালয় ভবন পরিত্যক্ত, মুরগির খামারে পাঠদান
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পেচাইন রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ের একমাত্র ভবন পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে গত মে মাসে। এখন এই বিদ্যালয়ের শিক্ষার্থীদের ক্লাস নেওয়া হচ্ছে একটি মুরগির খামারে।উপজেলা শিক্ষা কার্যালয় ও বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, উপজেলার জামপুর ইউনিয়নের পেচাইন রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠিত হয় ১৯৯৬ সালে। পরে বিদ্যালয়ের জন্য চার কক্ষের একটি একতলা ভবন নির্মাণ করা হয়। দুই বছর ধরে ভবনের বিভিন্ন অংশে ফাটল দেখা দেয়। গত মে মাসে উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ (ইউএনও) প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা পরিদর্শন করে ভবনটি পরিত্যক্ত ঘোষণা করেন। বিদ্যালয়ের শিক্ষকেরা জানান, ভবন পরিত্যক্ত ঘোষণা করার পর এক মাস বিদ্যালয়ে পাঠদান বন্ধ ছিল। গত ১ জুন বিদ্যালয়ের পাশের একটি মুরগির খামারের ভেতরে পাঠদান শুরু হয়।গত বৃহস্পতিবার সরেজমিনে দেখা যায়, মুরগির খামারের ভেতরে প্রচণ্ড দুর্গন্ধের মধ্যে শিশুরা ক্লাস করছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষিক নার্গিস আক্তার বলেন, বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা ২০৪ জন। তিনিসহ চারজন শিক্ষক এখানে শিক্ষকতা করেন। তিনি জানান, আর কোনো বিকল্প না থাকায় ভবনটি পরিত্যক্ত ঘোষণা করার পর থেকে মুরগির খামারের ভেতরে পাঠদান চলছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবিনা ইয়াসমিন প্রথম আলোকে জানান, বিদ্যালয় ভবনটির বিভিন্ন স্থানে ফাটল দেখা দেওয়ায় সেটি পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। তিনি বলেন, বিদ্যালয়টির নতুন ভবন প্রয়োজন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।