বিদ্যালয় ভবন পুড়ে যাওয়ায় শিক্ষা কার্যক্রম ব্যাহত
খাগড়াছড়ি জেলার রামগড় উপজেলার রামগড় মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা শ্রেণিকক্ষের সংকটের কারণে গাদাগাদি করে বসে লেখাপড়া চালিয়ে যাচ্ছে।
২০১৩ সালের ২ মার্চ রাতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে বিদ্যালয়ের টিনের ঘরটি পুড়ে যায়। এ ঘরে ছয়টি শ্রেণিকক্ষ ছিল।
বিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা ৪৬০ জন, শিক্ষক রয়েছেন ১১ জন। অথচ বর্তমানে এ বিদ্যালয়ের শ্রেণিকক্ষের সংখ্যা মাত্র পাঁচ। এর প্রতিটি কক্ষের পরিসরও ছোট। শিক্ষার্থীরা গাদাগাদি করে বসে শিক্ষা গ্রহণ করছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন জানান, পুড়ে যাওয়া টিনশেড ঘরসহ দোতলা দালানের মোট ১১টি শ্রেণিতে যখন পাঠদান চলত, তখন শিক্ষার্থীরা অনেক স্বাচ্ছন্দ্যে শিক্ষা গ্রহণ করতে পারত। এখন তাদের বসার জায়গা আমরা দিতে পারি না। টিনশেডের ঘরটি পুড়ে যাওয়ার পর উপজেলা ও খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদকে অবহিত করা হয়েছে। টিনশেডের ঘরটি পুনর্নির্মাণের জন্য অনেকবার তাগাদা দিয়েও চিঠি দেওয়া হয়েছে। কাজ হয়নি।
বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী আমেনা আক্তার জানায়, ক্লাস করার সময় আমরা প্রতিটি বেঞ্চে পাঁচ-ছয়জন খুব কষ্টে বসে লেখাপড়া করি। যারা দেরিতে আসে, তারা বসার সুযোগ পায় না। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবুল হাসেম বিদ্যালয়ের দুরবস্থার কথা স্বীকার করে বলেন, বিদ্যালয়ের টিনশেড ঘরটি পুড়ে যাওয়ার পর থেকে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমে ব্যাহত হচ্ছে। উপজেলা প্রশাসন ও জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে কয়েকবার এ বিষয়ে চিঠি লিখেছি।
রামগড় উপজেলা পরিষদের চেয়ারম্যান শহীদুল ইসলাম বলেন, ‘আমি নতুন নির্বাচিত হয়েছি। বিদ্যালয়টির ব্যাপারে আমিও ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখেছি। চলতি অর্থবছরে উপজেলা বার্ষিক উন্নয়ন তহবিল থেকে যদি সম্ভব হয়, তাহলে কিছু একটা উদ্যোগ নেওয়ার চেষ্টা করব।