বিদ্যালয় ভবন ভাড়া দিয়ে শহীদ মিনারে পাঠদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ছাপরহাটি এমসি উচ্চবিদ্যালয়ের তিন কক্ষবিশিষ্ট একটি ভবন ভাড়া দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। ওই ভবনটি এখন ধান বেচাকেনার আড়ত হিসেবে ব্যবহূত হচ্ছে। এদিকে শ্রেণীকক্ষের অভাবে বিদ্যালয় মাঠে অবস্থিত শহীদ মিনারের পাদদেশে শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম চলছে। ছাপরহাটি গ্রামের বাসিন্দা মাসুদ রানা অভিযোগ করেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল আহাদ বাংলাদেশ শিক্ষক সমিতির সুন্দরগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক। তিনি বিদ্যালয় পরিচালনা কমিটির সঙ্গে যোগসাজশ করে ভবনটি ভাড়া দেন। ভাড়া দেওয়ার উদ্দেশ্য কিছু অর্থ কামানো। একই গ্রামের বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্র তুষার মিয়া বলেন, ‘বিদ্যালয়ের পাশেই আমার বাড়ি। প্রয়োজনীয় শ্রেণীকক্ষ থাকতেও অজ্ঞাত কারণে ভবনটি ভাড়া দেওয়া হয়েছে। ফলে ছাত্রছাত্রীদের লেখাপড়া ব্যাহত হচ্ছে। অথচ এই ভবনে বেড়া দিয়ে তিনটি শ্রেণীকক্ষে ভাগ করে পাঠদান করা হতো।’ গত বুধবার সরেজমিনে দেখা গেছে, বিদ্যালয়ের ওই ভবনে ধান কেনাবেচা চলছে। কেউ বস্তায় ধান ভরছেন, কেউ রিকশা-ভ্যানে ধানের বস্তা ওঠান-নামান, আবার কেউ ধান মাপজোখ করছেন। এ সময় উপস্থিত লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, ওই টিনশেড ভবনটি ছাপরহাটি গ্রামের ধান ব্যবসায়ী কবির মিয়ার কাছে ভাড়া দেওয়া হয়েছে। মাসিক ভাড়া এক হাজার ২০০ টাকা। এ জন্য এক লাখ টাকা জামানত নিয়ে চুক্তি করা হয়েছে। ওই ব্যবসায়ী ভবনের ভেতরের বেড়া সরিয়ে তিনটি কক্ষ একীভূত করে পুরো ঘরে ধানের ব্যবসা করছেন। এখন শ্রেণীকক্ষের অভাবে মাঠে শহীদ মিনারের পাদদেশে তিনটি শাখার পাঠদান চলে। বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য আজগর আলী ভবন ভাড়া দেওয়ার কথা স্বীকার করেন।এ বিষয়ে ধান ব্যবসায়ী কবির মিয়া বলেন, ‘লেখাপড়া ব্যাহত হয় কি না জানি না। তবে আমি জামানত দিয়ে ও মাসিক ভাড়ার ভিত্তিতে বিদ্যালয়ের ঘরটি ব্যবহার করছি।’প্রধান শিক্ষক আবদুল আহাদ বলেন, ‘শহীদ মিনারে পাঠদান করা হচ্ছে ঠিক। কিন্তু বিদ্যালয়ের প্রস্রাবখানা ও পায়খানা পরিষ্কারের জন্য কোনো তহবিল নেই। তাই ভবনটি ভাড়া দেওয়া হয়েছে। ভাড়ার টাকা এই খাতে ব্যয় করা হয়। তবে এতে লেখাপড়ার কোনো সমস্যা হচ্ছে না। এ ছাড়া তিন কক্ষবিশিষ্ট একটি ভবন নির্মাণ করা হচ্ছে। এটি নির্মিত হলে সমস্যা অনেকটা লাঘব হবে।’